দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাধ্যমিকের মেধাতালিকায় মূল্যায়নজনিত ভুল এড়াতে এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে যাতে কোনওরকম গরমিল না থাকে, তা নিশ্চিত করতে উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতিতে নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম ৩০০টি খাতা তিনটি পৃথক স্তরে যাচাই করবেন বিশেষজ্ঞরা। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা থেকেই এই নতুন নিয়ম কার্যকর করার কথা ভাবছে পর্ষদ।পর্ষদ সভাপতি লালু দাস জানিয়েছেন, মেধাতালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার লক্ষ্যেই এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই বিষয়টি প্রস্তাব আকারে পর্ষদের কাছে জমা পড়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথমে আগের নিয়ম মেনেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করবেন পরীক্ষকরা। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০০টি খাতা বেছে নেওয়া হবে। এরপর ওই উত্তরপত্রগুলি তিনটি পৃথক পর্যায়ে বিশেষজ্ঞ দল দিয়ে পুনরায় যাচাই করানো হবে। অর্থাৎ, প্রচলিত মূল্যায়ন পদ্ধতি অপরিবর্তিত রেখেই মেধাতালিকায় থাকা পড়ুয়াদের খাতার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে পর্ষদ।কেন এই বাড়তি সতর্কতা? পর্ষদ সূত্রে জানা গিয়েছে, অতীতে মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশের পর একাধিক ক্ষেত্রে মূল্যায়নজনিত ত্রুটি সামনে এসেছে। পরবর্তী পর্যায়ে খাতা পুনর্মূল্যায়নের পর কোনও কোনও পরীক্ষার্থীর নম্বর বেড়েছে। এমনকী, সংশোধিত নম্বরের ভিত্তিতে প্রথম দশের মেধাতালিকায় নতুন পরীক্ষার্থীর নামও যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা মূল্যায়ন পদ্ধতির নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছে। পর্ষদ সভাপতির বক্তব্য, পরীক্ষার্থীদের কাছে প্রতিটি নম্বরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র এক নম্বরের হেরফেরেও মেধাতালিকায় কোনও পড়ুয়ার স্থান বদলে যেতে পারে। তাই মূল্যায়নের ভুলের কারণে কোনও মেধাবী পরীক্ষার্থী যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা। সব ঠিক থাকলে ২০২৭ সালের মাধ্যমিক থেকেই প্রথম ৩০০টি উত্তরপত্রের ক্ষেত্রে তিন স্তরের যাচাই প্রক্রিয়া চালু হতে পারে। তবে বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়েই রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal