Breaking News

দীপাবলির উপহার রাজ্যবাসীকে! সাঁতরাগাছি থেকে জয়পুরে সরাসরি ট্রেন চালু, উদ্বোধন অশ্বিনী বৈষ্ণব-শুভেন্দুর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-উৎসবের মরশুমে রেলযাত্রীদের জন্য নতুন উপহার। সাঁতরাগাছি থেকে রাজস্থানের জয়পুর সংলগ্ন খাতিপুরা পর্যন্ত চালু হল সাপ্তাহিক দূরপাল্লার ট্রেন। সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ট্রেনের যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করে রেলমন্ত্রী জানান, এতদিন রাজস্থান যাওয়ার জন্য কলকাতা ও আশপাশের এলাকার বহু যাত্রীকে খড়্গপুর পর্যন্ত যেতে হত। এবার সাঁতরাগাছি ও টাটানগর থেকে সরাসরি জয়পুরের দিকে যাওয়ার সুযোগ পাবেন তাঁরা। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, প্রতি বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে ট্রেনটি। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সেটি পৌঁছবে খাতিপুরা স্টেশনে।ফেরার পথে প্রতি শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে খাতিপুরা থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছবে। ১৬টি কামরার এই ট্রেনে থাকছে আধুনিক এলএইচবি কোচ। এর মধ্যে আটটি স্লিপার, একটি থ্রি-এসি এবং তিনটি থ্রি-এসি ইকোনমি কামরা রয়েছে। যাত্রাপথে খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া, রাঁচি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল ও আগ্রা-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।নতুন রেল পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কলকাতায় অসমাপ্ত মেট্রো প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করে পরিষেবা চালুর আর্জি জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগামী ১৭ থেকে ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের পর প্রবাসী ভারতীয় সম্মেলন এবং ওয়ার্ল্ড এনার্জি সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। তার আগেই মেট্রোর বিভিন্ন রুটের উদ্বোধন সম্পন্ন করার আবেদন জানান তিনি।
চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তাঁর দাবি, আগের সরকারের আমলে আটকে থাকা এই প্রকল্পের কাজ বর্তমান রাজ্য সরকার দ্রুততার সঙ্গে শেষ করেছে। এদিন আগের তৃণমূল সরকারকে নিশানা করে ‘তুষ্টিকরণ, দুর্নীতি ও পরিবারবাদ’-এর অভিযোগও তোলেন তিনি।এছাড়াও গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালুর জন্য রেলমন্ত্রীর কাছে বিশেষ আবেদন জানান মুখ্যমন্ত্রী। নতুন ট্রেন পরিষেবার পাশাপাশি মেট্রো সম্প্রসারণ এবং গঙ্গাসাগর পর্যন্ত রেলপথের দাবি ঘিরে এদিনের অনুষ্ঠান তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *