দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। রক্তের বিরল ধরনের ক্যান্সারে আক্রান্ত এই বর্ষীয়ান শিল্পী বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর বয়স ৮৭ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলার পাশাপাশি সম্প্রতি মূত্রনালির গুরুতর সংক্রমণ এবং সেপসিসের উপসর্গ দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে শিল্পী মহল থেকে শুরু করে তাঁর অনুরাগীদের মধ্যে।সূত্রের খবর, গত ১৪ মাস ধরে রক্তের ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন যোগেন চৌধুরী। চিকিৎসক তুফানকান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে ইতিমধ্যেই ন’টি কেমোথেরাপি হয়েছে তাঁর। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানা গিয়েছে। বয়সজনিত নানা জটিলতার কারণে চিকিৎসার এই লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। এরই মধ্যে মূত্রনালির গুরুতর সংক্রমণ এবং সেপসিসের উপসর্গ দেখা দেওয়ায় শিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।ভারতীয় আধুনিক শিল্পকলার জগতে যোগেন চৌধুরী এক অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় নাম। নিজস্ব শিল্পভাষা, স্বতন্ত্র রেখার ব্যবহার এবং মানুষের শরীর ও মুখের অভিব্যক্তিকে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলার জন্য বিশেষ পরিচিত তিনি। তাঁর শিল্পকর্মে বারবার উঠে এসেছে মানুষের জীবন, সমাজের নানা টানাপড়েন এবং সময়ের প্রতিচ্ছবি। দীর্ঘ কয়েক দশকের শিল্পচর্চার মধ্য দিয়ে ভারতীয় চিত্রকলায় নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন এই শিল্পী | শুধু দেশেই নয়, আন্তর্জাতিক শিল্পজগতেও তাঁর কাজ সমাদৃত। শিল্পকলার ক্ষেত্রে তাঁর অবদান তাঁকে বিশিষ্ট শিল্পীদের তালিকায় জায়গা করে দিয়েছে। এমন এক বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থার অবনতির খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগী ও সাংস্কৃতিক মহল। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
Hindustan TV Bangla Bengali News Portal