Breaking News

১৯ ডিসেম্বরেই কি মিলবে সুখবর? বেলেঘাটা-সেক্টর ফাইভ মেট্রো নিয়ে বড় আপডেট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার মেট্রোযাত্রীদের জন্য সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই চালু হতে পারে অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত অংশ। মেট্রো রেল সূত্রে খবর, আগামী ১৯ ডিসেম্বর এই রুটে যাত্রী পরিষেবা শুরুর সম্ভাবনা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
সম্প্রতি সাঁতরাগাছিতে একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে বেলেঘাটা-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্প নিয়ে আশার কথা শুনিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর বক্তব্য অনুযায়ী, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো লাইনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই এই অংশে যাত্রী পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর উদ্যোগও নেওয়া হতে পারে। অন্যদিকে, ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির আগেই এই রুট চালু করার জন্য রেলমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সময় চেয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে খবর।
কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের মোট দৈর্ঘ্য প্রায় ২৯.৮৭ মেট্রো ট্র্যাক কিলোমিটার। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯.৯ কিলোমিটার অংশে মেট্রো চলছে। এবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত আরও প্রায় ৪.৫ কিলোমিটার অংশে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। তবে নিউটাউন এলাকার বাকি অংশে এখনও নির্মাণকাজ চলছে। সেই কাজ সম্পূর্ণ করতে আরও প্রায় দু’বছর সময় লাগতে পারে বলে রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে।গত ১০ অক্টোবর, মহালয়ার দিন বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত প্রথম পরীক্ষামূলক মেট্রো চালানো হয়েছিল। এর মাধ্যমে নতুন রুটের পরিকাঠামো এবং সিগন্যালিং ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘদিন ধরে চিংড়িহাটা ক্রসিংয়ে আটকে ছিল মেট্রোর ভায়াডাক্ট নির্মাণের কাজ। অবশেষে প্রায় ৩৬৬ মিটার অংশের নির্মাণ সম্পূর্ণ হওয়ায় বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো সংযোগ চালু করার পথ আরও প্রশস্ত হয়েছে।বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নতুন অংশে পরিষেবা চালু হলে অরেঞ্জ লাইনে যুক্ত হবে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ স্টেশন। এর ফলে দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া এবং ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে পৌঁছনো অনেক সহজ হবে। বিশেষ সুবিধা পাবেন সেক্টর ফাইভের বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত কর্মীরা। প্রতিদিনের যাতায়াতে সড়কপথের যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুযোগ তৈরি হবে তাঁদের জন্য।এছাড়া, সেক্টর ফাইভের আইটি সেন্টার স্টেশনে অরেঞ্জ লাইন ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের মধ্যে সংযোগ পাওয়া যাবে। ফলে যাত্রীরা দক্ষিণ কলকাতা থেকে গ্রিন লাইন ধরে সল্টলেক ও হাওড়ার দিকেও যাতায়াত করতে পারবেন। নতুন অংশে পরিষেবা চালু হলে শহরের গণপরিবহণ ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। পরবর্তী সময়ে প্রবাসী ভারতীয় সম্মেলন এবং বিশ্ব এনার্জি উইকের মতো আয়োজনও রয়েছে। এই ধরনের অনুষ্ঠানের আগে নতুন মেট্রো রুট চালু হলে শহরের যাতায়াত ব্যবস্থায় বাড়তি সুবিধা মিলতে পারে। সেই কারণে নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা চালু করার উপর জোর দেওয়া হচ্ছে।তবে যাত্রী পরিষেবা শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রায়াল রান, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা CBTC সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা এবং কমিশনার অব রেলওয়ে সেফটির (CRS) পরিদর্শন-সহ প্রয়োজনীয় নিরাপত্তার ছাড়পত্র নিতে হবে। তাই ১৯ ডিসেম্বর পরিষেবা চালুর সম্ভাবনা সামনে এলেও, শেষ পর্যন্ত কবে থেকে সাধারণ যাত্রীরা এই রুটে মেট্রোয় উঠতে পারবেন, তা নির্ভর করছে পরীক্ষার ফলাফল, নিরাপত্তার অনুমোদন এবং উদ্বোধনী অনুষ্ঠানের সূচির উপর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *