Breaking News

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সতর্কতার মধ্যেই বিপত্তি, মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু তরুণের

দেবরীনা মণ্ডল সাহা :-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। তার প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এরই মধ্যে তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক তরুণের। তাঁর সঙ্গে জলে নামা আরও দু’জনও প্রবল ঢেউয়ের তোড়ে তলিয়ে যেতে বসেছিলেন। শেষ পর্যন্ত কর্তব্যরত নুলিয়াদের তৎপরতায় তিনজনকেই উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১৮ বছরের গোবিন্দ পণ্ডাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘূর্ণিঝড়ের সতর্কতার জেরে দিঘা, তাজপুর ও মন্দারমণিতে সমুদ্রে নামার উপর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রামনগর থানা এলাকার কয়েকজন তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় বনভোজন করতে গিয়েছিলেন। সেই সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোবিন্দ পণ্ডা, ২২ বছরের সবুজবরণ সাউ এবং ৩৫ বছরের বিকাশচন্দ্র জানা সমুদ্রে স্নান করতে নামেন। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সোমবার থেকেই দিঘা ও মন্দারমণি সংলগ্ন সমুদ্র উত্তাল হতে শুরু করে। মঙ্গলবার সকালেও উপকূলে আছড়ে পড়তে দেখা যায় বড় বড় ঢেউ।
অভিযোগ, প্রথমবার ওই তিনজন সমুদ্রে নামলে কর্তব্যরত নুলিয়ারা তাঁদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসেন। কিন্তু কিছুক্ষণ পর ফের তাঁদের চোখ এড়িয়ে সমুদ্রে নেমে পড়েন তিনজন। এরপরই উত্তাল ঢেউয়ের তোড়ে তাঁরা তলিয়ে যেতে থাকেন। পরিস্থিতি বুঝে দ্রুত সমুদ্রে নেমে তিনজনকেই উদ্ধার করেন নুলিয়ারা। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোবিন্দকে মৃত বলে ঘোষণা করা হয়। সবুজবরণকে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, প্রাথমিক চিকিৎসার পর বিকাশচন্দ্রকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও সমুদ্র উত্তাল থাকার কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, সোমবার রাতের মধ্যেই মৎস্যজীবীদের ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের এই নিষেধাজ্ঞার কারণে ইলিশ মাছ ধরার কাজে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্যজীবীরা।
এদিকে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে সতর্কতা জারি করে দিঘা, মন্দারমণি ও শঙ্করপুর এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরে আসার পাশাপাশি পর্যটকদেরও সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামলে বিপদের আশঙ্কা যে কতটা, তাজপুরের এই ঘটনাই ফের তা মনে করিয়ে দিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *