দেবরীনা মণ্ডল সাহা:-রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হল। আগে এই কার্ড জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছিল ৩১ অক্টোবর। শুক্রবার নতুন বিজ্ঞপ্তি জারি করে সেই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। ফলে সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা নির্ধারিত সময়ের মধ্যে কার্ড জমা দেওয়ার সুযোগ পাবেন।গত ৯ অক্টোবর জারি করা নির্দেশিকায় নবান্ন স্পষ্ট জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (ডব্লিউবিএইচএস)-এর আওতায় চিকিৎসার সুবিধা পাবেন। সরকারের নজরে আসে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও ‘অল ইন্ডিয়া সার্ভিস’-এর কর্মী-সহ একাংশ সরকারি কর্মচারী ও পেনশনভোগী নিজেদের এবং পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ডও তৈরি করেছেন।এরপরই অর্থ দফতরের তরফে নির্দেশ জারি করে জানানো হয়, ওই কার্ডগুলি ফেরত দিতে হবে। একই সঙ্গে কার্ড সমর্পণের প্রমাণপত্র-সহ নির্ধারিত ঘোষণাপত্রও জমা দিতে হবে। কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে এই নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, পেনশনভোগীদের ডব্লিউবিএইচএস সংক্রান্ত ফর্ম যেখানে জমা দেওয়া হয়, সেখানেই প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়।
নির্দেশিকায় আরও জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম না মানলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসা সংক্রান্ত সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে শৃঙ্খলামূলক পদক্ষেপ করার কথাও উল্লেখ করা হয়েছিল।
এই নির্দেশ সামনে আসার পরই স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেন বহু রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী। বিপুল সংখ্যক মানুষ কার্ড জমা দিতে উদ্যোগী হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছিল। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ৩০ নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড জমা দিতে পারবেন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। ফলে কার্ড সমর্পণ এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য তাঁরা অতিরিক্ত এক মাস সময় পেলেন |
Hindustan TV Bangla Bengali News Portal