প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার প্রসঙ্গে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় পালটা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শারীরিক সুস্থতা নিয়েও কটাক্ষ করেন তিনি। অভিষেকের মন্তব্যের পিছনে অসুস্থতার প্রভাব রয়েছে বলেও ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী। গত বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পরই গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ আধিকারিকদের উদ্দেশে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, যাঁরা শুভেন্দু অধিকারীর নির্দেশে কাজ করছেন, তাঁদের নাম চিহ্নিত করে রাখা হচ্ছে। সরকার পরিবর্তন হলে তাঁদের কেউ রক্ষা করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের কী পরিণতি হয়, তা দেখার হুঁশিয়ারিও দেন তৃণমূল নেতা।
নিজের আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেপ্তারি নিয়েও সরব হন অভিষেক। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে আপ্তসহায়ককে আড়াই মাসেরও বেশি সময় ধরে হেফাজতে রাখা হয়েছে। কয়েকজন পুলিশ আধিকারিককে পুরস্কৃত করার আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নিশানা করে অভিষেক বলেন, মুখ্যমন্ত্রীকে খুশি করে ভালো পোস্টিং পাওয়ার আশায় যাঁরা কাজ করছেন, তাঁদের ভবিষ্যৎ পরিণতিও তিনি দেখবেন। কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।অভিষেকের এই বক্তব্যের পালটা জবাব দিতে গিয়ে শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, তাঁর ধারণা, অভিষেকের আপ্তসহায়ক টাকা তোলার বিষয়ে সব কথা বলে দিয়েছেন। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে তৃণমূলের ভিতরেও কয়েকজন লোক থাকতে পারেন, যাঁরা বিভিন্ন তথ্য দিচ্ছেন বলেও ইঙ্গিত করেন তিনি। পাশাপাশি অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে কটাক্ষ করে সোডিয়াম-পটাশিয়ামের সমস্যার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। নিউইয়র্ক যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রয়োজনীয় এনওসি দেওয়ার ব্যবস্থা করা হবে।
শুভেন্দুর এই আক্রমণের পর এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও পালটা প্রতিক্রিয়া সামনে আসেনি। দুই নেতার এই বাকযুদ্ধ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal