দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দায়ের হওয়া মামলায় আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এই সংক্রান্ত একটি আবেদন খারিজ করে দিয়েছেন। তবে মূল মামলাটি খারিজ হয়নি। বরং সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ফলে আপাতত পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্তে কোনও স্থগিতাদেশ জারি হল না।
একসময় কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। পরে তা বাড়িয়ে ২০৮ করা হয়। এই সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কসবার এক বাসিন্দা। তাঁর দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সামঞ্জস্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমকে চার সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ছয় সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে।এদিকে, ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা। তার আগে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আদালতে মামলা হওয়ায় নির্বাচনী প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। বৃহস্পতিবারের শুনানিতে আদালত কোনও স্থগিতাদেশ না দেওয়ায় আপাতত পুরভোটের প্রস্তুতিতে এই মামলার কারণে সরাসরি কোনও বাধা তৈরি হয়নি বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত রায় এখনও আসেনি। সব পক্ষের বক্তব্য এবং হলফনামা খতিয়ে দেখার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। ফলে আগামী শুনানির দিকে নজর থাকবে সংশ্লিষ্ট সব পক্ষের।
Hindustan TV Bangla Bengali News Portal