দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে সাউথ সিটি মল সংলগ্ন অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বহুতল আবাসনের ২৮তম তলায় আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ওই অংশ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। ব্যস্ত সকালে শহরের অন্যতম পরিচিত এই আবাসনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগ তৈরি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। উঁচু বহুতলে আগুন নেভানোর কাজে নামেন দমকলকর্মীরা। আগুনের উৎস খুঁজে বের করার পাশাপাশি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন আবাসনের অন্য অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। একই সঙ্গে বহুতলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সাতটি ইঞ্জিন কাজে লাগানো হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও জানা যায়নি। আপাতত স্বস্তির খবর, এই ঘটনায় কোনও হতাহত বা প্রাণহানির খবর মেলেনি।দমকল ও স্থানীয় প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নেভানোর পর কুলিং প্রক্রিয়া শেষ হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal