Breaking News

মা রান্না করছিলেন, বাবা ছিলেন শৌচালয়ে, এরই মধ্যে বিপত্তি! পান্ডুয়ায় খাদে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর

প্রসেনজিৎ ধর, হুগলি:-বাড়ির উঠোনে খেলছিল দেড় বছরের খুদে। সেই সময় মা রান্নার কাজে ব্যস্ত, বাবা গিয়েছিলেন শৌচালয়ে। পরিবারের অন্য সদস্যেরাও নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কিছুক্ষণ পর বাড়ির পাশের গভীর খাদে শিশুটিকে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে হুগলির পান্ডুয়ার শিখিরা-চাপ্তা গ্রাম পঞ্চায়েতের শিবরাই গ্রামের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবরাই গ্রামের বাসিন্দা ভৈরব মুর্মুর দেড় বছরের ছেলে বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলছিল। সেই সময় শিশুটির মা রান্না করছিলেন। বাবা শৌচালয়ে গিয়েছিলেন। পরিবারের বাকি সদস্যেরাও নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খেলতে খেলতে কোনওভাবে বাড়ির পাশের গভীর খাদের জলে পড়ে যায় শিশুটি।
কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যেরা। আশপাশের এলাকায় খোঁজ চালাতে শুরু করেন গ্রামবাসীরাও। পরে বাড়ির অদূরে খাদের জলে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।প্রতিবেশী রামজিত মুর্মু জানান, সকালে উঠোনে খেলছিল শিশুটি। সেই সময় তার মা রান্না করছিলেন এবং বাবা শৌচালয়ে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, খেলতে খেলতে কোনওভাবে খাদের কাছে চলে গিয়ে জলে পড়ে যায় শিশুটি।পুলিশ সূত্রে খবর, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দেড় বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *