Breaking News

‘২০২৬-এ ২২৬-এর বেশি আসনে জিতব, নো ভোট ফর বিজেপি’ প্রার্থী ঘোষণার আগে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২২৬টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস – এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দাবি করেন, এবার ভোটের পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। বিধানসভা নির্বাচনে বাংলার মা-মাটি-মানুষেরই জয় হবে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। সেই রেশ ধরে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ শানিয়ে মমতা বলেন যে যিনি মেঘের আড়াল থেকে খেলছেন, তিনি কেন আড়ালে আছেন? বিজেপির প্রার্থী হয়ে যান। শুধু তো বিজেপির প্রার্থী হওয়া বাকি আছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।প্রার্থী তালিকা ঘোষণা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা বাংলার অষ্মিতা রক্ষার লড়াই। বাংলার স্বাভিমানের লড়াই। তিনি আরও বলেন, আমাদের হাত থেকে সব পাওয়ার কেড়ে নিয়েছেন। কিন্তু একটা জিনিস কেড়ে নিতে পারবেন না সেটা হল ম্যান পাওয়ার।মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি বিজেপি পার্টিকে বলব এত ভয় পাচ্ছেন কেন? ভদ্রভাবে। ওদের সৌজন্য নেই। আমাদের আছে। ওদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা লক্ষ লক্ষ লোক বাইরে থেকে না এনে, এজেন্সি দিয়ে কলকাঠি না নেড়ে লড়াইতে আসুন না। সৌজন্যর সঙ্গে গণতান্ত্রিক ভাবে লড়াইটা হোক”। বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন। ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। মুখ্য সচিব থেকে শুরু করে এডিজি আইনশৃঙ্খলা থেকে শুরু করে সবাইকে বদলে দিলেন। সব বিধিই যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে পড়ুন। মঞ্চ করে প্রচারে নামুন।বিজেপিকে ফের কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। তিনি বলেন,‘বিকাশ না হলে বিনাশ হবে। ওরা চায় বাংলা নামে যেন কোনও স্টেটই না থাকে। ওদের এই প্ল্যানকে আমরা ব্যর্থ করে দেব। ওরা বাংলার মনীষীদের অসম্মান করে। সেই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে ডাকছে। বাংলায় গুন্ডারাজ কায়েম করতে চায়। ওই জন্য মহিলা মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালিয়েছে।’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনার যদি গণতন্ত্রের উপর আস্থা থাকে, তাহলে বাংলাকে এভাবে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাকে আঘাত করলে বাংলা কিন্তু প্রত্যাঘাত করবে”।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *