দেবরীনা মণ্ডল সাহা :-‘জাতপাতের রাজনীতি করি না’। চালসার চার্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গকে পাখির চোখ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির চালসায় বাতাবাড়ি মহাবারি চার্চের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন তিনি। চালসার চার্চে গিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে মমতা বলেন, বাংলায় ধর্ম, জাতপাত নয়, একসঙ্গে থাকার সংস্কৃতিই সবচেয়ে বড় শক্তি। উত্তরবঙ্গ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটের প্রচার শুরু করলেন। আজ, মঙ্গলবার তিনি জলপাইগুড়ি গিয়েছেন। এদিন জলপাইগুড়ির চালসায় চার্চে ওই অনুষ্ঠানে উপস্থিত হন। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী চালসার ওই চার্চে গেলেন বলে খবর। এদিন চার্চে গিয়েই অভিবাদন গ্রহণ করেন তিনি। চার্চের ফাদারের সঙ্গেও কুশল বিনিময় করেন। এই অনুষ্ঠানে এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। চার্চ থেকেই মুখ্যমন্ত্রী জনসংযোগ শুরু করে দিলেন। মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাতে ধামসা-মাদলের সঙ্গে আদিবাসী নৃত্যের আয়োজনও হয়েছিল। সেখানেও সকলের সঙ্গে উপস্থিত ছিলেন নেত্রী। ওই এলাকা উত্তরবঙ্গের চা-বলয়ের মধ্যে পড়ে। চা-শ্রমিকরা বাস করেন চালসা এলাকায়। এদিন চা-শ্রমিকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সমস্যার কথাও শোনেন তিনি। বিধানসভা ভোটের আগে এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষকরা।
Hindustan TV Bangla Bengali News Portal