প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভোটের মুখে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। স্বাধীনতার পর এই প্রথমবার কার্যত কলকাতা পুরসভার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল কমিশন, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।কমিশনের নির্দেশ অনুযায়ী, এখন থেকে কলকাতা পুরসভার কমিশনারের দফতরের উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের অফিস হিসেবে কাজ করবে। বর্তমানে পুর কমিশনার পদে থাকা আইএএস অফিসার সুমিত গুপ্তই এই অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।
এই সিদ্ধান্তের জেরে পুরসভার স্বাভাবিক প্রশাসনিক কাজেও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখন থেকে পুরসভার যেকোনও নিত্যনৈমিত্তিক কাজ, তা গাছ কাটাই হোক বা আবর্জনা পরিষ্কার, সবকিছুর জন্যই কমিশনের অনুমতি প্রয়োজন হবে। এমনকি পুরসভার অধিবেশন বা বৈঠক ডাকতেও লাগবে কমিশনের ছাড়পত্র।পুরসভা যেহেতু এবার কমিশনের অফিস হিসাবে কাজ করবে, তাই পুরসভায় নিত্যনৈমিত্তিক কাজ করার জন্যও এবার থেকে কমিশনের অনুমতি নিতে হবে। স্বাধীনতার পর এই ধরনের নির্দেশ এই প্রথমবার এল। যার ফলে এরপর পুরসভার অধিবেশন ডাকা যাবে না কোনও সভা বা বৈঠক করতেও কমিশনের অনুমতি লাগবে।কমিশনের এই সিদ্ধান্তের ফলে নাগরিক পরিষেবা পুরোপুরি থমকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সামান্য গাছ কাটতে হলে, বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে বা অন্য বিশেষ কোনও উদ্যোগ নিতে হলেও কমিশনের অনুমতি নিতে হবে। যদিও পুর কমিশনারের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, নাগরিকদের জন্য ন্যূনতম পরিষেবা নিশ্চিত করা হবে। কিন্তু তাতেও আশ্বস্ত হতে পারছেন না নাগরিকরা।
Hindustan TV Bangla Bengali News Portal