প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতে বাকি আর মাত্র ৫ দিন। তার আগেই খাস কলকাতা শহর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে রাজাবাজার সায়েন্স কলেজ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স | তাঁর ব্যাগ থেকে মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ।শনিবার সকালে রাজাবাজার সায়েন্স কলেজের কাছে একটি বাস স্ট্যান্ডের সামনে এই অভিযান চালায় এসটিএফের গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন তাঁরা। সন্দেহভাজন এক ব্যক্তিকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে গোয়েন্দাদের সন্দেহ হয়। কালক্ষেপ না করে তাকে তৎক্ষণাৎ আটক করা হয়। এরপর ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় পুলিশের। ব্যাগ থেকে বেরিয়ে আসে ৬টি সিঙ্গল শটার বন্দুক এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ। উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।ওই ব্যক্তি এই অস্ত্রশস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন বা এই বিপুল সম্ভার কাকে হস্তান্তরের কথা ছিল, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এসটিএফের গোয়েন্দারা ধৃত ব্যক্তিকে জেরা করে মূল চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করছেন। তবে নির্বাচনের মাত্র কয়েক দিন আগে শহরের মাঝখানে দিনের বেলায় এইভাবে অস্ত্র পাচারের ঘটনা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। গোয়েন্দাদের ধারণা, ভোটের সময় বড় কোনও গোলমাল পাকানোর লক্ষ্যেই হয়তো এই অস্ত্রগুলি আনা হয়েছিল।ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর পেছনে কোনো বড় চক্র বা রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।নির্বাচনের আগে কলকাতার বুক থেকে এই অস্ত্র উদ্ধার পুলিশের বড় সাফল্য হিসেবে দেখা হলেও, সাধারণ মানুষের মনে নিরাপত্তার প্রশ্নে উদ্বেগের সৃষ্টি করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal