Breaking News

নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে বড় পদক্ষেপ কমিশনের! পুলিশ পর্যবেক্ষক নিয়োগ, দায়িত্বে কারা? জানাল নির্বাচন কমিশন

দেবরীনা মণ্ডল সাহা :-পুজোর আগেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটের আগে দুই কেন্দ্রের জন্য পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। নন্দীগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে ২০০৮ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার এম বি বোরালিঙ্গাইয়াকে। অন্য দিকে, রেজিনগরের পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝাড়খণ্ড ক্যাডারের আইপিএস হরিলাল চৌহান।কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৯ অক্টোবর। তার আগেই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে দুই কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রেই আসন ফাঁকা হওয়ার কারণেই উপনির্বাচন হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হন। পরে নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন তিনি। ফলে নন্দীগ্রাম আসনটি শূন্য হয়ে যায়।
অন্য দিকে, মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। পরে নিয়ম মেনে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্রেও উপনির্বাচনের প্রয়োজন হয়।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসন হওয়ায় নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিজেপি এই কেন্দ্রে কাকে প্রার্থী করে, এখন সেদিকেই নজর। প্রার্থী যেই হন না কেন, নন্দীগ্রাম থেকে রেকর্ড ভোটে বিজেপিকে জেতানোর ডাক ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর সেই আহ্বানে ভোটারদের কতটা সাড়া মেলে, সেটাই এখন দেখার।নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক এম বি বোরালিঙ্গাইয়া ২০০৮ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার। তিনি কর্নাটকের বাসিন্দা। পুলিশ প্রশাসনের দায়িত্বের পাশাপাশি তাঁর মেডিক্যাল ডিগ্রিও রয়েছে। রেজিনগরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক হরিলাল চৌহান ঝাড়খণ্ড ক্যাডারের আইপিএস অফিসার। তাঁর বাড়ি রাজস্থানে।
এ ছাড়াও দেশের আরও কয়েকটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য পুলিশ ও সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তামিলনাড়ুর মদুরন্তকমে পুলিশ পর্যবেক্ষক গিরিজা শংকর জয়সবাল, ধরপুরমে সুরেশ কুমার চদিবে এবং পুদুচেরির থট্টঞ্চাবডীতে ওম প্রকাশ ত্রিপাঠী দায়িত্ব পেয়েছেন। সাধারণ পর্যবেক্ষক হিসেবে মদুরন্তকমে ভোর সিংহ যাদব, ধরপুরমে অমগোথু শ্রী রঙ্গ নায়ক এবং থট্টঞ্চাবডীতে গোরেরলা সুবর্ণ পান্ডা দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।ইতিমধ্যেই উপনির্বাচনের মনোনয়ন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কমিশনের সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৬ অক্টোবর ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ভোটগণনা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *