দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোয় দর্শনার্থী ও যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আগাম প্রস্তুতি নিচ্ছে শিয়ালদহ রেল ডিভিশন। যাত্রী নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং স্টেশনে যাতায়াত স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। রেল সূত্রে খবর, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ স্টেশনের পার্কিং এলাকা বন্ধ রাখা হবে। একইসঙ্গে এই ক’দিন বন্ধ থাকবে স্টেশনের ডিজিটাল লকার পরিষেবাও। স্টেশন চত্বরে ২৪ ঘণ্টা সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। পুজোর দিনগুলিতে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের কথা মাথায় রেখে সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। উৎসবের মরশুমে যাত্রী চলাচল সুষ্ঠু রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।
*ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা*
শিয়ালদহ স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বেরনোর জন্য নির্দিষ্ট হোল্ডিং এরিয়া তৈরি করা হবে। প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় এড়াতে যাত্রীদের চলাচলের পথ আলাদা রাখার উপরেও জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পর্যাপ্ত রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) কর্মী মোতায়েন করা হবে। পুজোর দিনগুলিতে নিরাপত্তা জোরদার করতে ২৭০ জন প্রাক্তন সেনাকর্মীকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হবে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের (আরপিএসএফ) অতিরিক্ত বাহিনীও। পুজোর সময়ে গাড়ির চাপ বেশি থাকতে পারে, এমন লেভেল ক্রসিংগুলিতেও পর্যাপ্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ স্টেশনের ফুট ওভারব্রিজগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আরপিএফ কর্মীরা। তাঁদের পাশাপাশি স্কাউটস অ্যান্ড গাইডস এবং সিভিল ডিফেন্সের কর্মীদেরও মোতায়েন করা হবে।
*চিকিৎসা পরিষেবা ও নজরদারিতে বিশেষ গুরুত্ব*
পুজোর সময়ে যাত্রীদের শারীরিক অসুস্থতা বা অন্য কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেশি ভিড় হতে পারে, এমন স্টেশনগুলিতে চিকিৎসাকেন্দ্র ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হবে। গোটা ডিভিশনের পরিস্থিতির উপর নজর রাখতে বিভিন্ন স্টেশনকে কেন্দ্র করে ১১টি নোডাল পয়েন্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি, ডিভিশনের সমস্ত স্টেশনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চালু রাখা হবে একটি বিশেষ ওয়ার রুম।জরুরি পরিস্থিতিতে বা তাৎক্ষণিক সহায়তার প্রয়োজনে যাত্রী ও রেলকর্মীরা শিয়ালদহ ডিভিশনের ওয়ার রুমের ৯১৪৭৯০৬৭৭৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
*টিকিট পরিষেবা স্বাভাবিক রাখার উদ্যোগ*
পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এবং মোবাইল ইউটিএস পরিষেবা সচল রাখা হবে। যাত্রীদের ভিড় বাড়লে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিকিট বুকিং কাউন্টারও চালু করা হবে। সব মিলিয়ে পুজোর মরশুমে নিরাপদ ও সুষ্ঠু রেলযাত্রা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করছে শিয়ালদহ ডিভিশন।
Hindustan TV Bangla Bengali News Portal