দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোয় যাত্রীদের ঢল নামল শিয়ালদহ ডিভিশনে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছ’দিনে (অধিক সপ্তমী-সহ) এই ডিভিশনে যাতায়াত করেছেন ২ কোটি ৬৩ লক্ষ ৩৯ হাজার ৬৯৮ জন যাত্রী। গত বছরের তুলনায় যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ৩৩.৪৪ শতাংশ। শিয়ালদহ, দমদম, বিধাননগর রোড, সোনারপুর, বালিগঞ্জ, রানাঘাট ও কল্যাণীর মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বিপুল ভিড় নজর কেড়েছে রেল আধিকারিকদের। যাত্রীসংখ্যা বৃদ্ধির জেরে রেলের আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আয়ের নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেনি রেল। পুজোর মরশুমে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মোট ২৬৬টি বিশেষ ট্রেন চালিয়েছিল শিয়ালদহ ডিভিশন। রেলের দাবি, এই উদ্যোগের ফলে বিপুল সংখ্যক যাত্রী নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। ডিভিশনের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর কল্যাণী স্টেশনে যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ১৪.০১ শতাংশ। অন্যান্য গুরুত্বপূর্ণ জংশন স্টেশনগুলিতেও ছিল উপচে পড়া ভিড়।যাত্রীদের এই বিপুল চাপ সামাল দিতে একাধিক পদক্ষেপ করেছিল রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনার নেতৃত্বে কমার্শিয়াল, অপারেটিং, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), মেডিক্যাল-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা ট্রেন চলাচল ও যাত্রী নিরাপত্তার উপর কড়া নজর রেখেছিলেন। যাত্রীদের সঠিক পথে পরিচালনা, ভিড় নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় সহায়তার জন্য বিভিন্ন স্টেশনে মোতায়েন করা হয়েছিল রেলকর্মী ও স্বেচ্ছাসেবকদের।
পাশাপাশি, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও মেগাফোনের মাধ্যমে যাত্রীদের নিয়মিত সতর্কবার্তা এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। ডিভিশনাল ওয়ার রুম থেকেও পরিস্থিতির উপর ধারাবাহিক নজরদারি চালানো হয়েছিল। সব মিলিয়ে পুজোর ছ’দিনে শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার এই বিপুল বৃদ্ধি রেলের কাছে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal