Breaking News

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার, আরও ৩ শতাংশ বাড়ল মহার্ঘভাতা, ৬০ থেকে বেড়ে ডিএ-র হার হল ৬৩ শতাংশ!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল নরেন্দ্র মোদীর সরকার। মহার্ঘভাতা বা ডিএ (DA) আরও ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছল। বুধবার, ২৮ অক্টোবর এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে প্রায় ৪৮ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। বর্ধিত মহার্ঘভাতা সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, বর্ধিত ডিএ ১ জুলাই থেকে কার্যকর হবে। ফলে জুলাই মাস থেকে বর্ধিত হারে মহার্ঘভাতা পাওয়ার পাশাপাশি কর্মীরা আগের মাসগুলির বকেয়া অর্থও পেতে পারেন। তবে বকেয়া অর্থ মেটানোর পদ্ধতি ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারি নির্দেশিকায় স্পষ্ট হবে।কেন্দ্রের হিসাব অনুযায়ী, ডিএ বৃদ্ধির ফলে সরকারি কোষাগার থেকে বছরে আনুমানিক ১০,০১৬ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এর আগে ২০২৬ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, যা জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। এবার আরও ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে মহার্ঘভাতার হার নতুন স্তরে পৌঁছল।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়েও তুলনা শুরু হয়েছে। রাজ্য সরকারের প্রথম বাজেটে সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ ঘোষণার কথা উল্লেখ করা হয়েছিল। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ১৮ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বর্তমানে ৬৩ শতাংশ হওয়ায় দুই ক্ষেত্রের ব্যবধান আরও বাড়ল।
দীপাবলির আগে কেন্দ্রের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক সুবিধা বাড়তে চলেছে। তবে প্রত্যেক কর্মীর হাতে কত অতিরিক্ত টাকা আসবে, তা নির্ভর করবে তাঁর মূল বেতন, প্রাপ্য ডিএ এবং সংশ্লিষ্ট নিয়মের উপর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *