নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল ‘শিখা-ইন’ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল শেষ অভিযুক্ত সাবা জাফরকে। হাওড়ার শিবপুর থেকে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, এই সাবার নামেই হোটেলটি লিজ নেওয়া হয়েছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।গত আগস্ট মাসে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দমবন্ধ হয়ে এক শিশু-সহ মোট ৯ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় এর আগে আবু জাফর ও হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আবু জাফরের স্ত্রী সাবা জাফরকেও গ্রেফতার করা হল। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের পর থেকেই পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন সাবা। প্রথমে উত্তরপ্রদেশে চলে যান তিনি। এরপর বারবার নিজের অবস্থান বদল করছিলেন বলে অভিযোগ। সম্প্রতি হাওড়ায় তাঁর উপস্থিতির খবর পান তদন্তকারীরা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শিবপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত হোটেল ‘শিখা-ইন’-এ গভীর রাতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় হোটেলের ভিতরে থাকা বহু আবাসিক আটকে পড়েন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান ৯ জন। মৃতদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক ছিলেন। তাঁদের অনেকেই চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। এই ঘটনায় অন্তত ৬ জন আহতও হন।ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। হোটেলের মালিক বীরেশ্বর মিত্র এবং লিজ নেওয়ার সঙ্গে যুক্ত আবু জাফরকে গ্রেফতার করা হয়। তবে হোটেলটি যে মহিলার নামে লিজ নেওয়া হয়েছিল, সেই সাবা জাফর তখন থেকেই অধরা ছিলেন। অবশেষে তাঁকেও গ্রেফতার করল পুলিশ। তাঁর গ্রেফতারির পর অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে আরও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।
Hindustan TV Bangla Bengali News Portal