দেবরীনা মণ্ডল সাহা :- ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস-কে সরাসরি আসন্ন পাঁচ বিধানসভা ভোটের কেন্দ্রীয় পর্যবেক্ষক (সেন্ট্রাল অবজার্ভার) হিসাবে নিয়োগের মিটিংয়ে ডাকল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এর আগে একাধিক বার নাম চাওয়া হয়েছিল। নবান্ন নাম না দেওয়ায় সরাসরি পদক্ষেপ করা হয়েছে। ১৫ জন আইএএসের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার নামও।দিনকয়েক আগে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে। তাতে উল্লেখ ছিল, বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে ২৫ জন আধিকারিককে কেন্দ্রীয় অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে। আধিকারিকদের নামের তালিকাও প্রকাশ করে কমিশন। ওই তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে রাজ্য। নবান্নের দাবি, শীর্ষ আধিকারিকরা অন্যত্র গেলে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনা ব্যাহত হতে পারে। এই যুক্তিতে ১৭ জন আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়। বিকল্প নামও প্রস্তাব করা হয়। বুধবার স্পষ্ট করে কমিশনের তরফে জানানো হয়েছে, এমন কোনও আর্জি তারা মানছে না। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী ২৫ জন আধিকারিককে নির্ধারিত দিন ও সময়ে বৈঠকে অংশগ্রহণ করতেই হবে।চলতি বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক (এবং পুলিশ পর্যবেক্ষক) হিসাবে কাজ করার জন্য ওই ২৫ জন আইএএস-আইপিএস-কে ডেকেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করেছেন কমিশনের আন্ডার সেক্রেটারি এমএল মীনা। চিঠিতে জানানো হয়েছে, আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে ওই বৈঠক এবং ভোট পর্যবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ হবে।
Hindustan TV Bangla Bengali News Portal