দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুলিশের কনস্টেবল নিয়োগে বড় ধাক্কা হাইকোর্টে। ১১৭৪৯ কনস্টেবল নিয়োগে মঙ্গলবার বড় নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ১১৭৪৯ শূন্যপদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করেছে রাজ্য। ৭ দিনে নম্বর বিভাজন-সহ বিশদ তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত।অভিযোগ, প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও সেখানে বিস্তারিত তথ্য দেওয়া নেই। স্বচ্ছতার জন্য এই তালিকা প্রকাশের নির্দেশ দিক আদালত । সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ বিচারপতির। জানা গিয়েছে, ২০২৪ সালের রুল অনুযায়ী রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। তারপর পরীক্ষা নেওয়া হয়। গত বছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। তারপর উত্তীর্ণদের শারীরিক মাপজোক ও দক্ষতার পরীক্ষা দিতে হয় ৷ আবেদনকারীর দাবি, “প্রার্থীদের তালিকায় সেসবের বিস্তারিতও কিছু নেই। বিশেষত তাঁদের প্রাপ্ত নম্বর এবং কে কোনও শ্রেণি থেকে সুযোগ পেয়েছেন সেটা জানানো হয়নি।”মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। রাজ্যের আইনজীবী অমল কুমার সেনের বক্তব্য, “নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার আগে প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হলে নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে ঝামেলার সৃষ্টি হতে পারে। অকৃতকার্য প্রার্থীরা নানান দাবি জানাতে পারেন। সবগুলোকে মান্যতা দেওয়া সম্ভব নয়।”
Hindustan TV Bangla Bengali News Portal