প্রসেনজিৎ ধর :- হাসপাতালে সারি দিয়ে বেড। শুয়ে রয়েছেন রোগীরা। এক রোগীকে ইঞ্জেকশন দিতেও দেখা যাচ্ছে একজন নার্সকে। আর ওই রোগীদের মাঝেই একটি খালি বেডে দিব্য়ি শুয়ে রয়েছে একটি সারমেয়। হুগলির গৌরহাটি ইএসআই হাসপাতালের এমনই একটি ছবিকে ঘিরে শোরগোল পড়েছে। তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূলের বক্তব্য, এমন হলে প্রশাসনের পদক্ষেপ করা দরকার। এই ঘটনা কাম্য নয় বলে জানিয়ে তদন্তের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।দীর্ঘদিন ধরে ভদ্রেশ্বর জুটমিলের শ্রমিকদের শয্যা নেই বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠছিল ৷ তার প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমনই দৃশ্য তুলে ধরেছে ৷ অভিযোগ, রোগীর শয্যায় কুকুর ঘুমিয়ে থাকলেও, ওয়ার্ডে উপস্থিত নার্স ও চিকিৎসকদের তাতে কোনও হেলদোল নেই ৷এদিন একটি ভিডিয়ো পোস্ট করা হয় ভদ্রেশ্বরের বিজেপি নেতৃত্বের তরফে ৷ সেখানে দেখা গিয়েছে, অভিযোগের নিরিখে বিজেপির নেতা কিষান সাউ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ৷ মহিলা ওয়ার্ডে যেতেই তিনি দেখেন, খালি পড়ে থাকা শয্যায় একটি সারমেয় ঘুমাচ্ছে ৷ সেখানে উপস্থিত এক নার্সকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি নিজেকে ট্রেনি হিসাবে পরিচয় দিয়ে বিষয়টি এড়িয়ে যান ৷
এ নিয়ে অভিযোগকারী বিজেপি নেতা কিষাণ সাউ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জুট মিলের কর্মীদের থেকে অভিযোগ পাচ্ছিলাম ইএসআই হাসপাতালে শয্যা নেই বলে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল ৷ সেখানে আজকে দেখা গেল রোগীর খালি শয্যায় কুকুর ঘুমাচ্ছে ৷ আর রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷ বেলা সাড়ে এগারোটা বেজে গেলেও সুপার হাসপাতালে আসেননি ৷ এমনকি গৌরহাটি ইএসআই হাসপাতালের সার্ভার না-থাকায় বহুদিন ধরে সব কাজ বন্ধ হয়ে আছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল৷”ঘটনাটি নিয়ে শোরগোল পড়ার পর গৌরহাটি ইএসআই হাসপাতালের সুপার সোমনাথ পান্ডে বলেন, “হাসপাতালের বেডে কুকুর শুয়ে থাকবে, এটা কাম্য নয়। সেই ভিডিয়ো আমার কাছে এসেছে। এটা নিশ্চয়ই কাম্য নয়। যাঁরা এই সময়ে দায়িত্বে ছিলেন, তাঁদের শোকজ করে তদন্ত হবে। আমাদের ২১৬ বেডের হাসপাতালে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নেই। এটাও বাড়ানোর ব্যবস্থা করা হবে।”
Hindustan TV Bangla Bengali News Portal