প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, হাওড়া সহ কিছু এলাকা, কয়েক সেকেন্ডের স্থায়ী হল কম্পন। রাত প্রায় ৯টা ৫ নাগাদ কম্পন অনুভূত হয় বেশ কিছু অঞ্চলে।পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। এই কম্পনের প্রভাব সীমান্ত পেরিয়েও পড়েছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়াতেও ভূমিকম্পের খবর মিলেছে বলে জানা যাচ্ছে।গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ সংলগ্ন তিব্বত এবং বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার ভোরে বাংলাদেশে ৪.১ রিখটার স্কেলে কম্পন হয়। এদিন সকাল ১০টা নাগাদ তিব্বতেও ৩.২ মাত্রার কম্পন হয়। সেই ভূমিকম্পের রেশ অবশ্য কলকাতায় পড়েনি। কিন্তু মঙ্গলবার রাতে মায়ানমারে ভূমিকম্প হতেই কেঁপে ওঠে তিলোত্তমাও। আতঙ্কে বাড়ি ছেড়ে পথে বেরিয়ে পড়েন আমজনতা। বাড়ির বাইরে থাকা প্রিয়জনদের জন্য উদ্বিগ্ন হয়ে ফোনও করতে থাকেন। অনেক জায়গায় ধাক্কা খায় ইন্টারনেট পরিষেবাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে ৬.৪ মাত্রায় কম্পন হয়েছে মায়ানমারে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। আকিয়াব শহর থেকে ৭০ মাইল দূরে কম্পনের উৎসস্থল, এমনটাই জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার অফ জিওসায়েন্স। কলকাতা ছাড়াও ঢাকা এবং বাংলাদেশের বিরাট অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতেও কম্পন টের পেয়েছেন আমজনতা। বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তাঁরা।
Hindustan TV Bangla Bengali News Portal