প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলার বিধানসভা নির্বাচন আসন্ন। সূত্রের খবর, আগামী মাসের গোড়াতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। জোরকদমে লড়ছেন বিধায়কেরা।আগামী ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ। আদৌ কতজনের নাম বাদ যাবে না, সেদিকে নজর সকলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমপক্ষে ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে। লজিকাল ডিসক্রিপেনসির নামে গোপনে নির্বাচন কমিশন নাম বাদ দিচ্ছে বলেই অভিযোগ তাঁর। বুধবার ভবানীপুরে জৈন মানস্তম্ভ-সহ একাধিক প্রকল্পের শিলান্যাসের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডে জৈন ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সুপ্রিমো। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ভবানীপুর হল মিনি ইন্ডিয়া। বহু ভাষাভাষী মানুষ দেশের এখানে থাকেন। আমার সঙ্গে এখানে কোনও ঝগড়া হয় না। আমি একাধিক লোকের বাড়িও চলে যাই। কোনও দুর্ঘটনা ঘটলেও যাই।আমি এখানে আজ অনুষ্ঠান করলাম। কারণ আমি চাই সমাজ সেবা করতে। মানস স্তম্ভ করলাম কারণ অহংকার ছেড়ে আমি এসেছি। আজ সবাই খুশি থাকুক। কয়েকজনের কাজ আমি তাই আমার থেকে দিলাম।’
মমতা বলেন, “এসআইআর চলছে। অনেকের ভোটাধিকার বাদ গিয়েছে। আমি দুঃখিত। প্রথমে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে। তারপর লুকিয়ে লুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেনসির নাম করে নাম বাদ দিচ্ছে। মৃত ভোটার ২০ লক্ষ ধরলে ১ কোটি ২০ লক্ষের নাম বাদ চলে যাবে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি। আমার পিটিশন এখনও স্থগিত।”তিনি আরও বলেন, “আদালত বলার পর ৪-৫ দিন কেটে গিয়েছে। এখনও কাজ শুরু হয়নি। আমি জানি না ২৮ তারিখ যখন তালিকা বেরবে তখন যাদের নাম আসবে না তাঁদের কতটা দুঃখ হবে আমার জানা নেই। আমি চাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আমার জানার দরকাই নেই কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে জৈন। গণতন্ত্র ধ্বংস যেন না হয়। সকলে অধিকার পাক। এটাই আমার দেখার।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জৈন ধর্মের পবিত্র প্রার্থনা স্তম্ভ এখানে আজ উদ্বোধন হল। চার ভাষায় এই মন্ত্র লেখা রয়েছে। জৈন ধর্মের সঙ্গে আমাদের রাজ্যের সম্পর্ক আছে। বর্ধমান ও পুরুলিয়া জেলায় অনেক মন্দির আছে। আমি পরেশনাথ মন্দিরে পর্যন্ত গিয়েছি। গুজরাতি, মাড়োয়ারি জানি। এর একাধিক শব্দ আমাদের বাংলা শব্দের সঙ্গে সংযুক্ত। এই মানস স্তম্ভ হল অহংকার না থাকা। আমরা সমাজের জন্য কাজ করি। সমাজের শান্তির জন্য কাজ করি।’
Hindustan TV Bangla Bengali News Portal