Breaking News

অবিলম্বে ডিএ মেটানোর দাবিতে রাজপথে সরকারি কর্মীরা!উত্তাল রাজপথ, অবরুদ্ধ ধর্মতলা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের আগে ফের ডিএ ইস্যুতে উত্তাল কলকাতা। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ফের একবার উত্তেজনা ছড়ায় তিলোত্তমার রাজপথে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর বিষয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ করেনি সরকার – এই অভিযোগেই বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল ‘সংগ্রামী যৌথ মঞ্চ’| তবে পুলিশের ব্যারিকেড এবং অনুমতি না থাকার কারণে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেননি আন্দোলনকারীরা। এই টানাপড়েনের মাঝেই এবার আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আগামী ১৩ মার্চ রাজ্যজুড়ে পূর্ণ ধর্মঘটের ডাক দিল সংগঠন।এদিন দুপুরে মেট্রো চ্যানেল থেকে কালীঘাট পর্যন্ত একটি মহামিছিলের ডাক দেওয়া হয়। এই অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চসহ সরকারবিরোধী শতাধিক সংগঠন অংশ নেন। মিছিলকে ঘিরে সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। দুপুর গড়াতেই কাতারে কাতারে কর্মী এই মিছিলে অংশ নেন। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ধর্মতলা কার্যত অবরুদ্ধ হয়ে ওঠে। আন্দোলনকারীরা অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ অর্থাৎ ২০০৮-২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া পরিশোধের দাবি তুলেছেন।এদিনের মিছিলে বিপুল সংখ্যক সরকারি কর্মী উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা বকেয়া ডিএ-র পাশাপাশি রাজ্যে ৬ লক্ষ শূন্যপদ অবিলম্বে পূরণের দাবি তুলেছেন। তারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও রাজ্য সরকার কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই কারণে বাধ্য হয়ে তারা পুনরায় রাজপথে নেমেছেন। পুলিশ মিছিলের রুট জুড়ে মোতায়েন থাকলেও বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *