Breaking News

জেলায় জেলায় বোমাতঙ্ক! আদালতের পর এবার পোস্ট অফিসে হুমকি মেল,ডাকঘর উড়িয়ে দেওয়ার হুমকির নেপথ্যে কি বড় কোনো ষড়যন্ত্র?

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আদালতের পরে এবার কলকাতার পাসপোর্ট অফিস-সহ রাজ্য জুড়ে পাসপোর্ট সেবাকেন্দ্র ও ডাকঘরগুলিতে বোমাতঙ্ক। কলকাতার রুবির পাসপোর্ট অফিসে বোমা রাখা আছে বলে বৃহস্পতিবার ইমেল আসে। পাশাপাশি ব্রেবোর্ন রোডের অফিসেও বোমাতঙ্ক ছড়ায়। এর পরে একে একে খবর আসতে শুরু করে— হাওড়া, আসানসোল, চুঁচুড়া, শ্রীরামপুর, বাঁকুড়া, কাটোয়া, কোচবিহার, দার্জিলিং, নদিয়া, কোচবিহার, ব্যারাকপুর, পূর্ব বর্ধমান মুখ্য ডাকঘরে | গত পরশুই রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক হয়। এবার পোস্ট অফিসগুলিতে হুমকি মেইল। তার জেরে দ্রুত কর্মী ও গ্রাহকদের দফতর থেকে বের করে দেওয়া হয়।বৃহস্পতিবার ঠিক দুপুর ১টা নাগাদ ব্যস্ত সময়ে এই মেইল আসে। কলকাতার পাসপোর্ট অফিস থেকে শুরু করে আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর- একাধিক জায়গার পোস্ট অফিসে এই বোমাতঙ্ক ছড়িয়েছে। কলকাতার রুবির মোড়ের কাছে পাসপোর্ট অফিসে প্রথমে আতঙ্ক ছড়ায়। সব আধিকারিক ও কর্মীদের দ্রুত বেরিয়ে যেতে বলা হয়। তারপর একে একে পোস্ট অফিসে যায় বার্তা।হুমকি ইমেলের সাবজেক্টে লেখা, সায়ানাইড ইনফিউসড RDX IED রাখা আছে পোস্ট অফিসে। সকলে যেন নাক, মুখ ঢেকে বেরিয়ে আসেন।খবর পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় পুলিশ, সিআইএসএফ এবং বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে। স্নিফার ডগ নিয়ে প্রতিটি কোণ পরীক্ষা করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জায়গা থেকেই কোনো সন্দেহজনক বিস্ফোরক বা বোমা উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতেই এই ইমেইল পাঠানো হয়েছিল।গত তিন দিন ধরে লাগাতার সরকারি অফিসগুলিকে টার্গেট করে বোমাতঙ্কের হুমকি ইমেল আসছে। দেখা যাচ্ছে, মূলত যেখানে জমায়েত বেশি, সে সব জায়গাকেই টার্গেট করে এই ইমেল। জেলা আদালতে প্রতিদিন হাজার হাজার মানুষ যান। মঙ্গল, বুধবার সেই সব আদালতে হুমকি ইমেল এসেছে। জেলায় জেলায় পাসপোর্ট অফিসে রোজ বহু মানুষ যান।সাইবার বিশেষজ্ঞদের মত, মূলত VPN বা এমন নেটওয়ার্ক ব্যবহার করে এই ইমেলগুলি আসছে, যার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা সম্ভব নয়। অরিজিনাল আইপি ঢেকে অন্য আইপি ব্যবহার করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *