দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগের নয়া মডেল নিয়ে ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| সোমবার দলের এসসি, এসটি, ওবিসি সেলের নেতৃত্বকে নিয়ে আয়োজিত ‘তফসিলির সংলাপ’ সম্মেলনে অভিষেক সরাসরি পরিসংখ্যান তুলে ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও আদিবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। এদিন তাঁর নিশানায় ছিল কেন্দ্রীয় সরকারের ‘ডবল ইঞ্জিন’ ‘উন্নয়নের মিথ্যে প্রতিশ্রুতি’।সোমবার কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এক বিশেষ সভা থেকে তফশিলি জাতি (এসসি) এবং তফশিলি উপজাতি (এসটি) অধ্যুষিত রাজ্যের ৮৪টি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের ভোটারদের জন্য এই প্রচার কর্মসূচি শুরু করেন তিনি । আগামী দুই মাস ধরে চলবে এই নিবিড় জনসংযোগ । দোল উৎসব মিটে যাওয়ার পর আগামী ৫ মার্চ থেকে দলের প্রতিনিধিরা বিশেষ প্রচার গাড়িতে করে সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে যাবেন ।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল তফশিলি ও জনজাতি সম্প্রদায়ের মানুষদের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা এবং একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও আদিবাসীদের উপর হওয়া বঞ্চনা ও নির্যাতনের কথা প্রচার করা ।কর্মীদের নির্দেশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যে ৮৪টি বিধানসভা এসসি, এসটি সংরক্ষিত, তার দায়-দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে । যে তফশিলি ভাইয়েরা, মায়েরা একবুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কীভাবে অপমানিত করেছে ।” আগামী দু’মাস ধরে প্রতিদিন প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচার গাড়িতে করে প্রতিনিধিরা অন্তত তিনটি স্থানে যাবেন এবং ‘তফশিলির সংলাপ’ পুস্তিকা বিলি করে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন ।২ রা মার্চ দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে অভিষেক ১৯৩০ সালে বাবাসাহেব আম্বেদকরের কালারাম মন্দির আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন । তিনি কেন্দ্রের শাসকদলকে তীব্র আক্রমণ করে বলেন, “কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আম্বেদকরের নাম জপ করা এখন ফ্যাশন হয়ে গেছে ! যারা দলিত, আদিবাসী, জনজাতিদের ওপর দিনের পর দিন অত্যাচার করে…তারা আর যাই হোক, সমাজের বন্ধু হতে পারে না ।”পাশাপাশি বিজেপির রথযাত্রার কর্মসূচিকে কটাক্ষ করেছেন অভিষেক। বলেন, “আষাঢ়-শ্রাবণ মাসে রথযাত্রা হয় বলে জানি। কিন্তু ফেব্রুয়ারি মাসে রথযাত্রা আবার কী।” অভিষেকের হুঙ্কার, “চোর চিটিংবাজদের রথ। রথ যত্নে রাখুন। ওই রথেই গুজরাত ফিরে যেতে হবে। অন্তর্যামী আগামী দিনে ফল দেখিয়ে দেবে। বিজেপিকে ৫০-এর নিচে নামাতে হবে।”
Hindustan TV Bangla Bengali News Portal