প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার রায়দিঘির মথুরাপুরে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান তিনি। একইসঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। তার ‘জবাব’ দিতেই এবার পালটা আগামী ৮ মার্চ, রবিবার রায়দিঘিতে সভা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।এদিন রায়দিঘির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার সম্পূর্ণ অন্য যুক্তি খাড়া করেছেন অমিত শাহ। ‘দিদির নয়, ভাইপোর শাসন হবে!’ রায়দিঘির সভায় দাঁড়িয়ে অমিত শাহর এই মন্তব্য এখন রাজ্য-রাজনীতির কেন্দ্রবিন্দুতে। দুর্নীতির প্রসঙ্গ থেকে নারী নিরাপত্তা, অনুপ্রবেশ থেকে এসআইআর ইস্যু – বাংলার শাসক দলকে আক্রমণ করতে কোনও কিছু বাকি রাখেননি অমিত শাহ। রাজ্যের আমজনতার উদ্দেশে অমিত শাহর বার্তা, ”এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে বড় ভুল করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ভাইপোর (পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়) শাসন হবে!” এহেন অভিযোগের পালটা ‘জবাব’ দিতেই আগামী ৮ মার্চ রায়দিঘিতে পালটা সভা করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদিও এদিন দলের একটি কর্মসূচি থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন সাংসদ। অভিষেক বলেন,“জমিদারবাবুরা গতকাল থেকে রথ যাত্রা শুরু করেছে। ফেব্রুয়ারিতে রথ এই প্রথম দেখছি। দেব দেবীদের রথ যাত্রা দেখেছি। এই প্রথম চোর চিটিংবাজদের রথ যাত্রা দেখছি।” শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ”৭০ আসন পেয়ে রথ করছে। ভাবুন আরও ৭০ আসন পেলে কি করত?” এরপরেই মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, ”আপনাদের এলাকা দিয়ে রথ গেলে মাছ মাংস খাওয়াবেন। অতিথি দেব ভব। ওদের নেতারা মাছ খেতে বারণ করে। কিন্তু আমরা অতিথিদের আপ্যায়ন করব। হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন।”
Hindustan TV Bangla Bengali News Portal