নিজস্ব সংবাদদাতা :-বাংলার নয়া রাজ্যপাল হচ্ছেন আরএন রবি। তিনি বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল। অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিবিআই ও আইবির এই প্রাক্তন কর্তা। ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় অফিসারকে রাজ্য হিসাবে নিয়ে আসা একাধিক জল্পনা উসকে দিয়েছে। এ দিকে নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে বৃহস্পতিবারই ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। তার পরেই অন্তর্বর্তী রাজ্যপাল পদে রবিকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ভোটের আগে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।অনেকে মনে করছেন, বোসের এই ইস্তফা পূর্ব পরিকল্পিত নয়, বরং ‘আচমকা’। তিনি নিজেও নাকি প্রস্তুত ছিলেন না ইস্তফার জন্য। মাঝেমধ্যেই তিনি দিল্লি যেতেন। বৃহস্পতিবার সেই দিল্লিতে বসেই আচমকা পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাষ্ট্রপতি ভবনে |বিজেপি-বিরোধী স্ট্যালিনের সরকারের সঙ্গে গত কয়েক বছরে বার বার সংঘাতে জড়িয়েছেন রবি। গত বছর স্বাধীনতা দিবসে তামিলনাড়ুর রাজ্যপাল রবির চা-চক্রে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ২০২৩ সাল থেকে রাজভবনে সেই চা চক্র বয়কট করে চলেছে স্ট্যালিন সরকার। কয়েক বছর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপালকে বরখাস্ত করার দাবি জানিয়েছিল তামিলনাড়ু সরকার। চলতি বছরের শুরুতে তামিলনাড়ু বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তোলেন রাজ্যপাল রবি। সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ না করেই ছাড়েন অধিবেশন। এ বার সেই তামিলনাড়ুর পাশাপাশি এ রাজ্যেরও অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব সামলাবেন রবি।
Hindustan TV Bangla Bengali News Portal