Breaking News

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকি চিঠিতে আতঙ্ক, তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক |বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। বম্ব স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখছে। তল্লাশি চলছে।শুক্রবার দুপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন। ওই এলাকা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। তাই স্বাভাবিকভাবে এই হুমকি মেল ও চিঠি ঘিরে বাড়ছে আতঙ্ক।এদিন দুপুরের দিকেই ইমেল মারফৎ সেই হুমকি বার্তা পেয়েছেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ| তারপর হেস্টিংস থানায় যোগাযোগ করে তাঁরা| ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় লালবাজারের বম্ব স্কোয়াড| তবে এই বোমা-হুমকি জেরে ভিক্টোরিয়ার পর্যটন ব্যাহত হয়েছে এমনটা নয়| কয়েকটি জায়গা বাদে সাধারণ মানুষ ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারছেন, পুলিশি নজরদারিও রয়েছে| প্রবেশের আগেই চলছে যাচাই| সঙ্গে ভিক্টোরিয়ার অন্দরে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড| বিষয়টি নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে হেস্টিংস থানায় একটি চিঠি পাঠানো হয়েছে| চিঠি পাওয়ার পরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ| কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের মেল আসে| পরে তা ভুয়ো বলে জানিয়ে দেয় রাজ্য সরকার| একই সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে রাজ্যের সব আদালত এবং বিচারকদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হয়| পাশাপাশি, যে বা যারা এই হুমকি মেল পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেয় রাজ্য প্রশাসন|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *