প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রায় ৬১ লক্ষ ভোটারের তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । ফলে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এর মধ্যে ২১ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে বলে শুক্রবার জানালেন ইলেকশন অবজ়ার্ভার সুব্রত গুপ্ত। আগামী শুক্র-শনিবারের মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে খুব শীঘ্রই ট্রাইবুনাল গঠন হবে বলেও জানিয়েছেন তিনি।‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের ভাগ্য নির্ধারণ করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। ওই ভোটারদের তথ্য যাচাই করে বিচারকেরা ঠিক করবেন, কারা যোগ্য ভোটার আর কাদের নাম বাদ পড়বে। সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত ২১ লক্ষের বেশি ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে। তবে প্রথম অতিরিক্ত তালিকায় জানা যাবে ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ। অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল কলকাতা হাইকোর্ট। বৈঠকে ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সূত্রের খবর, আগামী শুক্র এবং শনিবার প্রকাশ হতে পারে ওই অতিরিক্ত তালিকা। ‘বিবেচনাধীন’ যাঁদের নাম ওই তালিকা থেকে বাদ পড়বে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই ট্রাইবুনাল গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তা-ই নয়, ট্রাইবুনালে কারা থাকবেন, তা-ও চূড়ান্ত হতে পারে বলেই খবর।সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের তথ্যগত অসঙ্গতির বিষয়টি বিবেচনা করছেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। শুধু পশ্চিমবঙ্গের নয়, ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদেরও এ কাজে নিযুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ৭০৫ জন বিচারক ‘বিবেচনাধীন’ তালিকার নিষ্পত্তির কাজ করছেন। সূত্রের খবর, ভোটের আগে একাধিক অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। তার মধ্যে প্রথম তালিকা কবে প্রকাশ হতে পারে, তার আভাস মিলল মঙ্গলবার।
Hindustan TV Bangla Bengali News Portal