দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ ভোটমুখী চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে। বিশেষত, পশ্চিমবঙ্গের জন্য এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশন কেবল পশ্চিমবঙ্গেই প্রতিটি বিধানসভার জন্য একজন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে, যার সংখ্যা ২৯৪। এর পাশাপাশি, পুলিশ পর্যবেক্ষকদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সাধারণত, পুলিশ জেলা বা কমিশনারেট প্রতি একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয় কিন্তু এবার সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি, মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব-সহ দেশের একাধিক রাজ্য থেকে এই সমস্ত পর্যবেক্ষককে রাজ্যে নিয়োগ করা হচ্ছে।নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির জন্য মোট ১,১১১ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তবে সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ বাকি রাজ্যগুলিকে বহুগুণ ছাপিয়ে গিয়েছে। কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ২৯৪ জন (প্রতিটি বিধানসভার জন্য এক জন) সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করছে কমিশন। পাশাপাশি পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সাধারণত জেলা বা কমিশনারেট পিছু একজন করে পুলিশ পর্যবেক্ষক থাকলেও, এবার সেই সংখ্যা বাড়িয়ে ৮৪ জন করা হয়েছে। এছাড়াও প্রার্থীদের নির্বাচনী আয়-ব্যয় খতিয়ে দেখতে রাজ্যে থাকছেন ১০০ জন বিশেষ পর্যবেক্ষক।নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৮ মার্চের (বুধবার) মধ্যে সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের তাঁদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় পৌঁছে যেতে হবে। সেখানে পৌঁছেই তাঁরা সর্বসাধারণের জন্য যোগাযোগের ঠিকানা ও নম্বর প্রকাশ করবেন, যাতে যে কেউ যে কোনও প্রয়োজনে পর্যবেক্ষকদের সাহায্য পেতে পারেন। কমিশনের নির্দেশ, প্রতিদিন প্রার্থী ও রাজনৈতিক দলগুলির অভাব-অভিযোগ শোনার জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হবে পর্যবেক্ষকদের। নির্বাচন যাতে সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ এবং পক্ষপাতহীন হয়, তা নিশ্চিত করাই হবে এই পর্যবেক্ষকদের প্রধান লক্ষ্য।
Hindustan TV Bangla Bengali News Portal