Breaking News

‘অবিলম্বে হস্তক্ষেপ করুক হাইকোর্ট’, কমিশনের সিদ্ধান্ত নিয়ে এবার মামলা কল্যাণের!

প্রসেনজিৎ ধর,কলকাতা :-বাংলার আইএএস ও আইপিএস অফিসারদের অন্য রাজ্যে নির্বাচনের কাজে পাঠানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে আগে থেকেই আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।রাজ্যের আইএস, আইপিএস অফিসারদের অন্য রাজ্যে স্থানান্তরিত করছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সংঘটিত করা, কিন্তু প্রশাসনে সমস্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে স্থানান্তরের অধিকার জাতীয় নির্বাচন কমিশনের নেই বলে দাবি করা হয়েছে আবেদনে। জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট, এমনই আবেদন কল্যাণের। তাঁর দাবি, এতে প্রশাসনিক কাজ ব্যাহত হয়।এই আবেদন নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মামলার দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে।মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার মামলার শুনানি। তবে প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচন কমিশনের কোনও সিদ্ধান্তে কি স্থগিতাদেশ দিতে পারে হাইকোর্ট? হাইকোর্ট ও নির্বাচন কমিশন দুটোই সাংবিধানিক প্রতিষ্ঠান। সে ক্ষেত্রে কমিশনের বিরুদ্ধে হাইকোর্ট কোনও অভিযোগ শুনতে পারে কি না, সেই প্রশ্ন উঠেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *