Breaking News

ভোটের মুখে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার ২৫ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের বাসিন্দা!ভোটের মুখে ফের টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জেলায় জেলায় নাকা চেকিং বাড়িয়েছে পুলিশ। শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের কাছে একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা।গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ইকোপার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে অভিযান চালায়। একটি অ্যাপ ক্যাব আটকে তল্লাশি করা হয়। পুলিশ সূত্রে খবর, সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। সুরেশ গুজরাটের বাসিন্দা। তল্লাশিতে ওই গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। টাকার উৎস সম্পর্কে সঠিক প্রমাণ বা কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে সুরেশ ঠাকুরকে।নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় এই ধরনের নগদ লেনদেন নিয়ে বিশেষ নজরদারি চলছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই বিপুল অর্থের উৎস কী এবং তা কোনও বেআইনি কাজে ব্যবহার হওয়ার কথা ছিল কি না।এদিকে, এর আগেই আলিপুরদুয়ারে একই ধরনের একটি ঘটনা সামনে এসেছিল। সেখানে অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিকেন ঈশ্বরারি দাবি করেন, ওই টাকা তাঁর ব্যক্তিগত এবং বৈধ। তিনি পেশায় রেশন ডিলার ও সুপারি ব্যবসায়ী এবং নিয়মিত কেনাকাটার জন্য নগদ অর্থ সঙ্গে রাখেন।
আলিপুরদুয়ারের ঘটনায়ও নাকা চেকিংয়ের সময় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছিল। গাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখতে গিয়ে উদ্ধার হয় ৫০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল।
পরপর এই ধরনের ঘটনায় ভোটের আগে প্রশাসনের কড়া নজরদারির ছবি স্পষ্ট হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও এই ধরনের তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *