দেবরীনা মণ্ডল সাহা :-প্রচারে বেরিয়েছিলেন। বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছিলেন। কিন্তু এমনটা যে ঘটতে পারে, তা ভাবতে পারেননি খোদ প্রার্থী অগ্নিমিত্রা পাল। পাড়ার একেবারে নামকরা সিপিএম নেতা তিনি। কিন্তু আর পাঁচটা বাড়ির মতো সিপিএম নেতার বাড়িতেও ভোট চাইতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। কথাবার্তা বলে তখনই দলবদলের সিদ্ধান্ত। প্রাক্তন সিপিএম কাউন্সিলরের ছেলে অগ্নিমিত্রার হাত থেকে তুলে নিলেন বিজেপির ঝান্ডা। আসানসোলে অগ্নিমিত্রার রবিবাসরীয় প্রচারে এটাই মূল আকর্ষণের কেন্দ্র হয়ে উঠল। রবিবার উষাগ্রামে ভোট প্রচারে বের হয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। ঢাকের তাল, পরিবর্তন যাত্রার গান ও কর্মীদের উচ্ছ্বাসে এদিনের প্রচার হয়ে ওঠে উৎসবমুখর। বাড়ি বাড়ি প্রচারের সময় অগ্নিমিত্রা পলের কাছে এগিয়ে আসেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলরের ছেলে গোপাল বাদ্যকর। এরপর অগ্নিমিত্রার হাত ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পদ্ম শিবিরে যোগ দেন।বিজেপিতে যোগ দিয়ে গোপাল জানান, তিনি দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাবা মতীশ বাদ্যকর টানা ১০ বছর আসানসোলের ৩৮ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর ছিলেন। বাম আমলে বোরো চেয়ারম্যানও ছিলেন তিনি। কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ এবং বিজেপির নীতিতে অনুপ্রাণিত হয়েছেন। অগ্নিমিত্রা পালের বলিষ্ঠ নেতৃত্ব এবং সংগঠন পরিচালনার ক্ষমতা তাঁকে মুগ্ধ করেছে। বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠনের লক্ষ্যেই তিনি সপরিবারে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। গোপালের কথায়, “২০০৬ সাল থেকে সিপিএম করছি। আজ অগ্নিমিত্রাদির হাত ধরে বিজেপিতে যোগদান করলাম। পদ্ম শিবিরের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যে বিজেপি সরকার গঠনের উদ্দেশ্যে কাজ চালিয়ে যাব।”
Hindustan TV Bangla Bengali News Portal