Breaking News

জোটের মোহভঙ্গ! ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুন কবীরের,নন্দীগ্রাম-ভবানীপুরে কারা?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সিপিএম বা আইএসএফ কোনও দলের সঙ্গেই জোটের জট কাটল না। শেষপর্যন্ত ‘একলা চলো’ নীতিতেই আসন্ন বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন কবীর | রবিবার দুপুরে তাঁর দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল। জানা গিয়েছে, এবারের নির্বাচনে মোট ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। এদিন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর অন্যান্য নেতৃত্বকে পাশে নিয়ে ১৫৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়া হয়েছে। প্রথম দফার এই তালিকায় রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র- নন্দীগ্রাম এবং ভবানীপুরেও প্রার্থী দিয়েছে হুমায়ুনের দল। নন্দীগ্রাম কেন্দ্রে তাদের হয়ে লড়াই করবেন শহিদুল হক এবং খাস কলকাতার ভবানীপুরে প্রার্থী হয়েছেন পুনম বেগম। খোদ দলের সুপ্রিমো হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার জোড়া কেন্দ্র রেজিনগর ও নওদা থেকে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হচ্ছেন। এদিন মুর্শিদাবাদ জেলার মোট ২২টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দারকে রানিনগর কেন্দ্র থেকে প্রার্থী করেছে আম জনতা উন্নয়ন পার্টি। পাশাপাশি, হুমায়ুন কবীরের ছেড়ে আসা ভরতপুর কেন্দ্রে এবার টিকিট পেয়েছেন পীরজাদা খোয়ায়েব আমিন। অন্যদিকে, এই প্রার্থী ঘোষণার দিনেই রাজনৈতিক মহলে নয়া জল্পনা উসকে দিয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বর্ষীয়ান নেতা আবদুল করিম চৌধুরীর নাম। আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট পাননি তিনি। ফলে ক্ষুব্ধ করিম চৌধুরী হুমায়ুনের দলে যোগ দিয়ে প্রার্থী হতে পারেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর এদিন জানিয়েছেন, আগামী ২৫শে মার্চ কলকাতায় সাংবাদিক বৈঠক করে বাকি আসনগুলির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এর পাশাপাশি, দলের আগামী দিনের রূপরেখা এবং নির্বাচনী ইস্তেহার আগামী ২৮শে মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।সুস্বাস্থ্য, মূল্যবৃদ্ধি, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও সম্প্রীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে। সেই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *