Breaking News

বাম শিবির থেকে তৃণমূলের মুখপাত্র! প্রতীক উর রহমানকে বড় দায়িত্ব তৃণমূলের,উন্নয়নের পাঁচালি তুলে ধরবেন প্রাক্তন বামনেতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য রাজনীতিতে চমকপ্রদ পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ করা হল প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমান-কে। যিনি মাস দেড়েক আগেও মিটিং-মিছিল থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন, এবার তিনিই দলের হয়ে উন্নয়নমূলক কাজের পক্ষে সওয়াল করবেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।২০০৮ সাল নাগাদ সরাসরি বাম রাজনীতিতে যুক্ত হন প্রতীক উর। অর্থাৎ দলের সুসময় তিনি দেখেছেন, তা বলা যায়। দুঃসময়েই বামেদের ঝান্ডা হাতে তুলে নিয়েছিলেন। দলের তরফেও সাধ্য মতো তাঁকে এগিয়ে দেওয়া হয়েছে। বাংলায় সিপিএমের তরুণ নেতাদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। প্রায় সব আন্দোলনেই প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে। ঝাঁজালো আক্রমণ করেছেন রাজ্যের তৃণমূল সরকারকে। উৎখাতের ডাক দিয়েছিলেন। একাধিক ভোটে তাঁকে প্রার্থী করেছে লালপার্টি। জেলা ও রাজ্য কমিটিতেও জায়গা পেয়েছেন। তা সত্ত্বেও গত ফেব্রুয়ারিতে সিপিএমের প্রতি একরাশ উষ্মা প্রকাশ করে সিপিএম ছাড়েন প্রতীক-উর। তারপরই যোগ দেন তৃণমূলে। মনে করা হচ্ছিল, বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করবে তৃণমূল,কিন্তু তা হয়নি। এসবের মাঝেই প্রতীক উরকে মুখপাত্র নিয়োগ করল তৃণমূল। জানা যাচ্ছে, সাংবাদিক বৈঠক নয়, বিভিন্ন ইস্যুতে তৃণমূলের হয়ে সওয়াল করবেন প্রতীক উর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *