প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের লিফ্টে আটকে দমদমের বাসিন্দার মৃত্যুর ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের গোচরে আনা হয় বিষয়টি। মামলাকারীর আবেদন শুনে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দেন তিনি। মামলা দায়েরের পরই শুনানির দিন ধার্য করা হবে।মামলাকারী আইনজীবী ফিরোজ এডুলজি জানান, ১৯ মার্চে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় প্রশাসনের কর্তব্য পালনের ক্ষেত্রে গাফিলতির স্পষ্ট নজির রয়েছে। এমনই দাবিকে সামনে রেখে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি ৷হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে এই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে ৷ মামলায় আবেদনকারীর পক্ষে আইনজীবী আরও দাবি করেছেন, টালা থানায় গত ২০ মার্চ হওয়া এফআইআরের তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। পাশাপাশি গোটা ঘটনার সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করার দাবি জানানো হয়েছে আবেদনকারীর তরফে।একই সঙ্গে, মামলাকারীরা জানিয়েছেন, মৃতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ন্যাশনাল টাস্ক ফোর্স (এনটিএফ)-এর সুপারিশ ও রাজ্যের নিজস্ব অঙ্গীকার অবিলম্বে বাস্তবায়নের জন্য আদালত নির্দেশ দিক যাতে আগামিদিনে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।উল্লেখ্য, গত শুক্রবার আর জি কর হাসপাতালে ছেলের চিকিৎসার জন্য এসেছিলেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে ছেলে শৌচালয়ে যেতে যান। সেই কারণে অরূপ ছেলে ও স্ত্রীকে নিয়ে শৌচালয়ে যাওয়ার জন্য লিফটে ওঠেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লিফটি আটকে যায়। বেশ কিছুক্ষণ লিফটের মধ্যেই আটকে থাকেন তাঁরা। এই পরিস্থিতিতে একটা সময় লিফটের গর্তে পড়ে যান অরূপের ছেলে ও স্ত্রী। অন্যদিকে লিফটের দরজা ও দেওয়ালের মাঝে পড়ে ঘষা খেয়ে মৃত্যু হয় অরূপের। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবারের সদস্যরা। এবার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে দায়ের করা হল একটি জনস্বার্থ মামলা।
Hindustan TV Bangla Bengali News Portal