দেবরীনা মণ্ডল সাহা :- কামদুনি আন্দোলনের অন্যতম মুখ হিসাবে উঠে এসেছিলেন টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল। সেই কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল এবার যোগ দিলেন বিজেপিতে। কিছুদিন আগেই সল্টলেকে বিজেপির দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন টুম্পা৷ এর পর থেকেই জল্পনা শুরু হয় বিজেপিতে পাকাপাকিভাবে যোগ দিচ্ছেন টুম্পা৷ অবশেষে রবিবার সেই জল্পনার অবসান হল।
রবিবার সল্টলেকের বিজেপির কার্যালয়ে লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে নেন টুম্পা। এবার কি ভোটযুদ্ধেও লড়বেন তিনি, স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। কানাঘুষো শোনা যাচ্ছে, টুম্পা প্রার্থী হবেন। যদিও বিজেপির তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ শোরগোল পড়েছিল রাজ্যে। সেই কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত কঠিন ব্যাপার বলে জানিয়েছিলেন প্রতিবাদী টুম্পা কয়াল। সেই কারণেই তিনি রাজনীতির ময়দানে পা রাখতে আগ্রহী ছিলেন। গেরুয়া পতাকা হাতে নিয়ে টুম্পা এদিন বলেন, ‘২০১৩ থেকে বিজেপি আমাদের সঙ্গে ছিল। হাইকোর্ট থেকে নিরাশ হয়ে যখন ফিরেছিলাম তখন দিল্লি সুপ্রিম কোর্টে যাওয়ার পথে পাশে ছিল বিজেপি। তাই বিজেপিতে যোগদান করে মহিলা সুরক্ষার বিষয়টি নিয়ে আন্দোলন করতে পারব এই রাজ্য সরকারের বিরুদ্ধে।’ টুম্পা আরও যোগ করেন, ‘বিজেপিতে যোগ দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়তে পারব। আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। ২০২৪ সালে আমার স্বামীর উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে। এই দুর্নীতিবাজ সরকাকে হারানোর জন্য বিজেপিতে আসলাম।’
Hindustan TV Bangla Bengali News Portal