Breaking News

সিউড়িতে তৃণমূলের অফিসে ক্যারাম খেলে সাসপেন্ড ৩ সিআরপিএফ জওয়ান!

প্রসেনজিৎ ধর :-বীরভূমের সিউড়িতে ৩ জওয়ানকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযোগ, ডিউটিরত অবস্থায় তৃণমূলের পার্টি অফিসে বসে ক্যারাম খেলছিলেন তাঁরা। ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। এরপরেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন তিন জওয়ানকে সাসপেন্ড করার পাশাপাশি শুরু হল বিভাগীয় তদন্ত।এর আগে মুর্শিদাবাদের নিমতিতাতেও এক তৃণমূল নেতার ইফতার পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সাতজন বিএসএফ জওয়ান। তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছিল কমিশন।ভাইরাল হওয়া ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে, সিউড়ির একটি তৃণমূল কার্যালয়ে ক্যারম বোর্ড ঘিরে জটলা পাকিয়ে রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিনজনের পরনে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পোশাক। এক জওয়ানকে ঘুঁটিতে টোকা মারতেও দেখা যায়। পাশে বসে ও দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় পাঁচ-সাতজন যুবক, যাঁদের তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে বিরোধীরা। রাজ্যে আদর্শ আচরণবিধি বলবৎ থাকাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানেরা কীভাবে শাসকদলের কার্যালয়ে ঢুকে আড্ডা জমালেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।বিজেপির তরফে কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর বিষয়টি নিয়ে নড়চড় শুরু হয়। কমিশন সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও ভিডিওর সত্যতা যাচাইয়ের পর ওই তিন জওয়ানকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ছাব্বিশের নির্বাচনে আর কোনও ডিউটিতে থাকতে পারবেন না এই তিন জওয়ান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *