প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার ইডি দফতরে হাজিরা দিলেন দেবাশিস কুমার। সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়।ইডি সূত্রে খবর, সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতে আসে তদন্তকারীদের। অভিযোগ উঠেছে, ওই ব্যবসায়ী জমি সংক্রান্ত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফলে প্রতারণার অভিযোগ সামনে আসে।এই মামলার সূত্র ধরেই তদন্তের পরিধি বাড়াতে গিয়ে দেবাশিস কুমারের নাম উঠে আসে বলে দাবি তদন্তকারী সংস্থার। ইডি-র অনুমান, অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতেই তাঁকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক, আর্থিক লেনদেন বা কোনও প্রভাব খাটানোর অভিযোগ আছে কি না—এসব দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।ইডি সূত্রে জানা যায়, বেআইনিভাবে অনেক জমি দখল করার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে। নির্দিষ্ট কিছু প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে, তাঁদের জমি নিয়ে নেওয়া হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সংস্থার বিরুদ্ধে এই সংক্রান্ত ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সংস্থার নথিপত্র, জমির দলিল এবং আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখেন ইডির আধিকারিকেরা। ওই সূত্রের দাবি, ওই মামলার তদন্তের সূত্রেই সোমবার দেবাশিসকে তলব করা হয়েছিল। সেই মতো তিনি দুপুরে সিজিও কমপ্লেক্সে যান। বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দুপুরে সিজিও চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবাশিস বলেন, “আমি কিছু জানি না। আমার বলার মতো কিচ্ছু নেই।” দুপুরে কিছু সময়ের জন্য সিজিও চত্বর থেকে বেরিয়েছিলেন দেবাশিস। পরে আবার ইডি দফতরের ভিতরে ঢোকেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal