প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিয়রে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এক নিবিড় জনসংযোগ কর্মসূচি। ভোটারদের মন বুঝতে এবং সরকারি প্রকল্পের সুবিধা তাঁদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা যাচাই করতে এবার বাড়ি বাড়ি যাবে তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের ত্রিস্তরীয় দল। ইতিমধ্যেই পুঙ্খানুপুঙ্খ কৌশল নিয়ে জেলায় জেলায় মাঠে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। গ্রাম বাংলায় ব্লক ধরে ধরে এবং শহরাঞ্চলে ওয়ার্ডভিত্তিক এই কর্মসূচি চলবে। কলকাতাতেও খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই জনসংযোগ।ঠিক হয়েছে প্রতিটি বিধানসভায় তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা টিম দলের প্রচারপত্র সঙ্গে করে প্রত্যেক ভোটারের বাড়ি যাবেন। সব মিলিয়ে প্রত্যেক বিধানসভার জন্য কমবেশি ১০০ জন করে থাকবেন একেকটি টিমে। তাঁরাই গোটা বিধানসভা দফায় দফায় ছোট ছোট দলে ভাগ হয়ে ভোটারদের কাছে যাবেন। একবার যাবেন ছাত্র সংগঠনের সদস্যরা, তার পর যুব, শেষে মহিলা সংগঠন। সঙ্গে থাকবেন বিধানসভার পর্যবেক্ষকরা। জানা গিয়েছে, এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তব পরিস্থিতি যাচাই করা। ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘যুবসাথী’ বা ‘কর্মশ্রী’-র মতো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না, তা তাঁরা খতিয়ে দেখবেন। পাশাপাশি, কোনও পরিবারের নির্দিষ্ট কোনও সমস্যা বা ক্ষোভ থাকলে, তা শুনে সমাধানের পথ বাতলে দেওয়ার কাজও করবেন তাঁরাই। কোনও গুরুতর বা বড় সমস্যা থাকলে তা সরাসরি রাজ্যস্তরের নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হবে। মহিলাদের অভাব-অভিযোগ শুনতে তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলবেন মহিলা তৃণমূলের প্রতিনিধিরা। ভোটের সময় প্রার্থীদের নিজস্ব টিম যেমন প্রচার করবে, তার পাশাপাশি এই ত্রিমুখী টিমের জনসংযোগ দলের ভিতকে আরও মজবুত করবে বলেই মত তৃণমূল নেতৃত্বের।
Hindustan TV Bangla Bengali News Portal