প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে এসআইআর সংক্রান্ত মামলায় ফের শুনানি হল সুপ্রিম কোর্টে । বুধবারের এই শুনানিতে শীর্ষ আদালত জানাল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তারা সন্তুষ্ট। আদালতের মতে, ৭ এপ্রিলের মধ্যেই সমস্ত আপত্তির নিষ্পত্তি হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।প্রধান বিচারপতি সূর্যকান্ত এদিন বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে বিপুল সংখ্যক আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। প্রায় ৪৭ লক্ষ মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও আদালতকে জানানো হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই শীর্ষ আদালত আপাতত সন্তোষ প্রকাশ করেছে। প্রত্যেক দিন ২ লক্ষ কেসের সমাধান করা হচ্ছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, ৭ এপ্রিলের মধ্যে সমস্ত কেসের সমাধান হয়ে যাবে। ২০ মার্চ কমিশন ‘অ্যাপেলেট ট্রাইবুনাল’ গঠন করেছে।এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, জুডিশিয়াল অফিসারদের প্রত্যেককে সাম্মানিক অর্থ, অন্যান্য খরচ কমিশনকে বহন করতে হবে। কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন আদালতে বলেন, “এ বিষয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ করেছি।” একই সঙ্গে তিনি জানান, ট্রাইবুনালও দ্রুত কাজ শুরু করবে। সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানান, আজ প্রশিক্ষণ চলছে, বৃহস্পতিবার থেকে ট্রাইবুনালের কাজ শুরু হয়ে যাবে।ফর্ম-৬ সংক্রান্ত বিতর্ক এই শুনানিতে উঠে আসে। রাজ্যের আইনজীবী অভিযোগ করেন, বিপুল সংখ্যক ফর্ম-৬ জমা পড়ছে, এমনকি এক ব্যক্তি একদিনে প্রায় ৩০ হাজার আবেদন জমা দিয়েছেন বলেও দাবি করা হয়। এর উত্তরে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যায় এবং যে কেউ তা করতে পারেন। সমস্ত আবেদন যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও আদালতকে জানানো হয়।
এই প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, এ ধরনের অভিযোগ নতুন নয়, প্রায় প্রতিবারই ওঠে। নির্দিষ্ট অভিযোগ থাকলে তা তুলে ধরার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন, তার অর্থ এই নয় যে তাঁর ভোটাধিকার স্থায়ীভাবে কেড়ে নেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal