প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভা ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন| ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর রোড শো এবং মনোনয়ন পর্বে আইনশৃঙ্খলার ব্যর্থতার অভিযোগে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো রিপোর্ট খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চার আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে।কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, সাসপেন্ড করা হয়েছে সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার (ডিসি ২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, আলিপুর থানার অতিরিক্ত ওসি চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরের সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে। কমিশন স্পষ্ট জানিয়েছে, ৫ এপ্রিল সকাল ১১ টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। শুধু তাই নয়, এই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, এদিন সকালেই দুই ডেপুটি কমিশনারকে শোকজ করেছে লালবাজার। সেই তালিকায় ছিলেন ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত। ছিলেন ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়। জানা যায়, গত বৃহস্পতিবার অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর রোড শোয়ের নিরাপত্তার মূল দায়িত্বে ছিলেন এই দুই শীর্ষ পুলিশ কর্তা। ঘটনার দিন কেন পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত নেওয়া হয়নি এবং পুলিশের অনুমতি ছাড়াই কীভাবে বড় জমায়েত, সে প্রশ্নের জবাব চেয়ে দুই পুলিশের শীর্ষ কর্তাকে শোকজ করা হয়। এরমধ্যেই সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার (ডিসি ২) সিদ্ধার্থ দত্ত সাসপেন্ড করে দিল কমিশন। একইসঙ্গে সাসপেন্ড করা হল আরও তিন পুলিশ আধিকারিককেও।
Hindustan TV Bangla Bengali News Portal