নিজস্ব সংবাদদাতা :- ‘ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, খারাপ হলে ভোট করতে দেবেন না’, সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে হুঁশিয়ারি, ‘বিজেপি মনে রেখো, বদলা গণতন্ত্রের মাধ্যমে নেব। যতই মেশিন বদলাও, কিছু হবে না’।এদিন মানিকচকে জনসভা তিনি বলেন, ‘সরকারের নাম করে অ্যাকাউন্ট নম্বর চাইতে পারে, দেবেন না। নাম কাটবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গ্রামে গ্রামে ভোট আটকানোর চেষ্টা করবে’। তৃণমূলনেত্রীর কথায়, ‘ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে। খারাপ হলে ভোট করতে দেবেন না। বলবেন নতুন আনুন। গণনার চার দিন যদি লোডশেডিং করে, মা-বোনেরা রাত জেগে পাহারা দিন। নেতারা নয়, তৃণমূলের কর্মীরাই সম্পদ। রাত জেগে কাজ করতে হবে। ট্রেন, বাসে করে যাতে গুন্ডা না ঢোকে, দেখবেন। বাইরে থেকে কারা আসছে, কোন হোটেলে থাকছে, দেখবেন’।এদিন মুখ্যমন্ত্রী বলেন,‘‘এ বারের ভোট অন্যকে দেবেন না। লোকসভায় কংগ্রেস এবং বিজেপি ভাগাভাগি করে জিতেছে। এরা বাংলায় বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে। পরিষ্কার বলছি, এই ভুল করবেন না। ওরা ডিটেনশন ক্যাম্প করবে। এনআরসি করবে। মানুষকে বিপাকে ফেলবে। তৃণমূল সরকার থাকলে একটি মানুষকেও অত্যাচার করা হবে না। শিবিরে পাঠানো হবে না।’’মমতার অভিযোগ, ‘টাকা আমদানি হচ্ছে বাইরে থেকে। কেন্দ্রীয় সরকার এর সঙ্গে যুক্ত। এজেন্সিকে দিয়ে এ সব করছে’। বলেন, ‘আমি ভয় পাই না। আপনারাও পাবেন না। বাংলায় জিতে বাংলাকে টার্গেট করেছে। আগামী দিন তৈরি থাকুন মোটাভাই। আমরা দিল্লিকে টার্গেট করছি। বিনাশকালে বুদ্ধিনাশ। হঠাৎ করে দেখবেন, নিজেরাই নিজেদের পতন ঘটাবেন। অপেক্ষা করব সেই দিনের জন্য। ইডি আর সিবিআই, মোটাভাই। তাঁর কাজ কী? সব মানুষের নাম কাটো। বাংলাকে বিক্রি করো। অফিসারদের মধ্যে ঝগড়া লাগাও। দাঙ্গা করে যারা ক্ষমতায় আসে , তারা কি মানুষের দুঃখ বোঝে? গণতন্ত্রে বদলা নিতে হবে? শুধু দেয় ভাঁওতা। শয়তান সরকার’।
Hindustan TV Bangla Bengali News Portal