দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকায় রবিবার দুপুরে উত্তেজনা চরমে ওঠে। পোস্টার টাঙানোকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে। একদিকে শাসক দল তৃণমূল কর্মীদের অভিযোগ, তাঁদের পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির বিজেপির দাবি, তাঁদের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই নিয়েই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।পার্টি অফিস ভাঙচুর ও বিজেপির পোস্টার ছেঁড়ার ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে রবিবারই পর্ণশ্রী থানায় পৌঁছন বিজেপি প্রার্থী সহ কর্মী-সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে রত্না চট্টোপাধ্যায় যেতেই তাঁর সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ মানববন্ধন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।ঘটনার সূত্রপাত, দুপুরের দিকে পর্ণশ্রী এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। শাসক দলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে কিছু কর্মী পোস্টার লাগাতে গেলে সেখানে উপস্থিত বিরোধী দলের সমর্থকরা আপত্তি জানান বলে অভিযোগ। সেই বাধা ঘিরেই শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, এরপরই বিরোধী দলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে পোস্টার ছেঁড়ার ঘটনাও সামনে আসে। এই ঘটনার পরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে উত্তেজনা থামেনি। পরে বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খাঁ নিজে থানায় পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পুরো ঘটনাটি পরিকল্পিত এবং তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর নেতৃত্বেই হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়েছে, যা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
Hindustan TV Bangla Bengali News Portal