প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার থেকে টলিপাড়ায় সমস্ত শ্যুটিং বন্ধ| টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, চ্যানেলের প্রতিনিধি এবং প্রযোজকদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে শিলমোহর পড়ে গেল।শনিবার বিকেলে পথে নেমেছিলেন টলিপাড়ার অভিনেতারা। প্রত্যেকের মনে ছিল একটাই প্রশ্ন, কেন এভাবে চলে যেতে হল রাহুলকে? সেই দিন দুপুরেই রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। ওই দিনই মাঝরাতে কলকাতা থেকে তালসারি থানায় গিয়ে এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রবিবার সন্ধেয় ফের একজোট হল টলিপাড়া।রবিবারও বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, যিশু সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী-সহ আরও অনেকে। আর্টিস্ট ফোরামের তরফ থেকে রবিবার বিকেলে শান্তিলাল জানান, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হচ্ছে শুটিং। তিনি বলেন, “গতকাল আমরা রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেছিলাম আর্টিস্ট ফোরামের তরফ থেকে। আমরা রাহুলের পরিবারের পাশে ছিলাম, আছি এবং থাকব।”প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সহমত পোষণ করে বলেন, রাহুলের মৃত্যু সুরক্ষা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়ে গেল। ওঁর এইভাবে চলে যাওয়াটা তো কাম্য ছিল না। রাহুলের মৃত্যু ইন্ডাস্ট্রির সমস্ত ভেদাভেদ সরিয়ে দিল। ইন্ডাস্ট্রির প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।ঋতুপর্ণা বলেন, রাহুলের মৃত্যু আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ও আমাদের একজোট করে চলে গেল। বৈঠকের শেষে ফেডারেশনের সভাপতি বলেন, এই সেটটি প্রটোকল নিয়ে অনেকদিন ধরেই কথা বলছিল ফেডারেশন। কাজের প্রয়োজনে শিল্পীদের সব জায়গায় যেতে হয়। সেফটি প্রটোকল অমান্য করলেই এমন ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তাই সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করলে আগামী দিনে কাজ বন্ধ থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal