দেবরীনা মণ্ডল সাহা :-পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস । একাধিক হেভিওয়েটদের প্রার্থী করেছে দল। এবার তাঁদের হয়ে প্রচার করতে বঙ্গ সফরে আসতে চলেছেন রাহুল গান্ধী,প্রিয়াঙ্কা গান্ধী বঢরা । সূত্রের খবর, বাংলার নববর্ষের ওই সময়েই আসতে চলেছেন রাহুল। সভা করতে পারেন মুর্শিদাবাদে। প্রিয়াঙ্কা পরে আসবেন বলেই জানা যচ্ছে। তবে এখনও দিনক্ষণ বা সভাস্থল চূড়ান্ত হয়নি বলেই খবর।রাহুল গান্ধী ১৪ এপ্রিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আসছেন তিনি। দলীয় প্রার্থীর সমর্থনে করবেন সভা। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে দলের এক ঝাঁক শীর্ষ নেতা মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় জনসভা, রোড শো করবেন। যে সব জেলায় দলের সংগঠন মজবুত ও দলীয় প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল, সেখানে বেশি করে নজর দেওয়া ও শীর্ষ নেতাদের নিয়ে জনসভা, রোড শো করানোর ওপর জোর দিয়েছে হাত শিবির। জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও বাংলায় ভোট প্রচারে আসবেন শিগগিরই। দীর্ঘ কুড়ি বছর পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে একা লড়ছে কংগ্রেস। ২৯৪ আসনেই তারা লড়ছে। ইতিমধ্যেই দলের ইস্তাহার প্রকাশ করেছেন খোদ মল্লিকার্জুন খাড়গে। কলকাতায় গিয়ে ইস্তাহার প্রকাশ করেন তিনি। বাংলায় কয়েকটি জেলা ছাড়া দলের সংগঠন সেভাবে শক্ত পোক্ত নয় কংগ্রেসের। তবে তৃতীয় বিকল্প হিসেবে এবারের নির্বাচনে তুলে ধরতে চাইছে তারা। আগামী দিনে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই এককশক্তিতে লড়াই করছে তারা। আগেই কংগ্রেস নেতারা জানিয়েছিলেন, দলীয় কর্মী, সমর্থকদের দাবিকে মান্যতা দিয়েই একক লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের আগে তাঁদের মনোবল চাঙ্গা করতেই রাহুল, প্রিয়াঙ্কা সহ দলের তারকা প্রচারকরা আগামী এক সপ্তাহ বাংলায় প্রচারে ঝাঁপাবেন।
Hindustan TV Bangla Bengali News Portal