Breaking News

ভোটবঙ্গে বড় পদক্ষেপ! ভিন রাজ্য থেকে ফের বাংলায় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিধানসভা নির্বাচনের আর মাত্র দশ দিন বাকি। তার আগেই রাজ্যে আরও এক আইপিএস আধিকারিককে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে জানানো হয়েছে, ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার সর্বানা বিবেক এমকে এবার ভোট প্রক্রিয়ায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী আইনশৃঙ্খলা, ভোটের সুরক্ষা এবং সংশ্লিষ্ট সব কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা- তার উপর নজর রাখবেন এই নতুন পুলিশ পর্যবেক্ষক। সেই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট তিনি কমিশনে পাঠাবেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশন নজরদারি আরও আঁটসাঁট করছে বলেই মনে করা হচ্ছে। বাংলার ভোট নিয়ে সতর্ক কমিশন। গত মাসে রাজ্যে এসেই আইনশৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ভোটের বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার।এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার পুলিশ-প্রশাসনের একাধিক পদে রদবদল করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পর থেকেই একের পর এক পুলিশ আধিকারিক, আইপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে। ভিনরাজ্য থেকে নিয়োগ করা হয়েছে পুলিশ পর্যবেক্ষক। গতমাসেই বিহার, তেলাঙ্গানা, দিল্লি, পাঞ্জাব, গুজরাট থেকে বাংলায় এসেছেন অন্তত ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তাঁদের। সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা ২৯৪। এদিকে, পর্যবেক্ষক নিয়োগ নিয়ে কমিশনকে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ‘অবাধ ও সুষ্ঠু’ ভোটের নামে বাংলার বিভিন্ন প্রান্তে এমন সব আধিকারিকদের পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে, যাঁদের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে কোটি টাকার দুর্নীতি, এমনকী নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ‘কমিশন কেবল বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠ বা কলঙ্কিত আধিকারিকদেরই বাংলায় পাঠাচ্ছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *