Breaking News

কড়া পদক্ষেপ নয়!হুমকি-ছিনতাই মামলায় আপাতত পদক্ষেপ নয়, হাইকোর্টে স্বস্তি নন্দীগ্রামের পবিত্র কর

নিজস্ব সংবাদদাতা :-রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ঠিক সাত দিন আগে বড়সড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। তাঁর বিরুদ্ধে রুজু হওয়া ছিনতাই ও মারধরের মামলায় আপাতত কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারলেও প্রার্থীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না।গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তি পবিত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে। বুদ্ধদেবের অভিযোগ, গত ৬ এপ্রিল নিজের বাড়ির কাছেই বসেছিলেন তিনি। সেই সময় ওই এলাকা দিয়ে দলবল নিয়ে যাওয়ার সময় বুদ্ধদেবকে জয় বাংলা স্লোগান দিতে বলেন পবিত্র। বুদ্ধদেব স্লোগান দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ|এ-ও অভিযোগ, বুদ্ধদেবের কাছ থেকে ৩ হাজার ৭০০ টাকা ছিনতাই করা হয়। ঘটনায় নন্দীগ্রাম থানায় পবিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গত ১০ এপ্রিল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পবিত্র কর। এফআইআর খারিজের দাবি করেন তিনি। রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে বৃহস্পতিবার মামলার শুনানি হয়। বিচারপতি স্বস্তি দেন প্রার্থীকে। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেই জানান বিচারপতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *